২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নক আউট’ লড়াইয়ে ওভারটনকে নিয়ে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 02:44 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

ব্রাইডন কার্সের চোটে কপাল খুলেছে জেমি ওভারটনের। পেস বোলিং অলরাউন্ডারকে রেখে আফগানিস্তানের বিপক্ষে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। সবশেষ ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে আফগানিস্তান।

‘নক আউট’ লড়াইয়ে পরিণত হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচটি হচ্ছে লাহোরে। হারলেই বাদ এমন সমীকরণের ম্যাচে টস জিতেছেন আফগান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রান তাড়ার চ্যালেঞ্জ নিতে আপত্তি নেই ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। তবে আগে ব্যাটিং চেয়েছিলেন তিনিও।

নিজেদের প্রথম ম্যাচ হেরে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-আফগানিস্তান। মঙ্গলবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় এই ম্যাচটি পরিণত হয়েছে ‘বাঁচা-মরার’ লড়াইয়ে। শেষ চারে যেতে আজকের জয়ী দলকে তাদের শেষ গ্রুপ ম্যাচও জিততে হবে।

ম্যাচটিতে আফগানদের সঙ্গী ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ দেখার জয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে ইংলিশদের হারিয়েছিল তারা। এমনিতেই এই সংস্করণে দুই দলের সাক্ষাতে জয়ের পাল্লা ভারি ইংলিশদের। এখন পর্যন্ত খেলে তিন ম্যাচের দুটিতে জয় তাদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে খেলেন কার্স। কিন্তু তার পায়ের আঙুলের সমস্যা বেড়ে যাওয়ায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন তিনি।

তার জায়গা একাদশে ফেরা ওভারটন সবশেষ ওয়ানডে খেলেছেন গত ফেব্রুয়ারিতে, ভারত সফরে। গত অক্টোবরে ওয়ানডে অভিষেক হওয়া পেস বোলিং অলরাউন্ডারের এটি চতুর্থ ওয়ানডে। এখন পর্যন্ত দেশের জার্সিতে নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একাদশের ওপর আরও একবার আস্থা রাখছে আফগানিস্তান।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জফ্রা আর্চার, আদিল রাশিদ, মার্ক উড

আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, নুর আহমাদ, ফাজালহাক ফারুকি।