৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

দ.আফ্রিকার জার্সিতে ফেরার অপেক্ষা বাড়ল মিলারের

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সফরেও খেলা হচ্ছে না বিধ্বংসী ব্যাটসম্যানের।

দ.আফ্রিকার জার্সিতে ফেরার অপেক্ষা বাড়ল মিলারের
ডেভিড মিলার। ছবি: প্রোটিয়াস মেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 09:56 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা ছিল ডেভিড মিলারের। কিন্তু বিধি বাম। চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৬ বছর বয়সী মিলার সবশেষ মাঠে নামেন গত মার্চে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে ৫০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল প্রোটিয়ারা।

এরপর গত জুলাইয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। যেখানে বিশ্রাম দেওয়া হয় মিলারসহ দলের অভিজ্ঞ ক্রিকেটারদের অনেককেই।

ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডে খেলতে বোর্ড থেকে অনুমতি নেন মিলার। তাই তাকে অগাস্টে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পায়নি দক্ষিণ আফ্রিকা। পরে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজেও ছিলেন না তিনি।

সবকিছু ঠিক থাকলে জাতীয় দলের জার্সিতে মিলারকে দেখা যেত ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। কিন্তু দা হান্ড্রেডের শেষ দিকে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এখনও সেরে উঠতে না পারায় আপাতত বাইরে থাকতে হচ্ছে তাকে। 

মিলারের বদলি হিসেবে কারো নাম ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিযানে নামবে তারা। কার্ডিফে বুধবার শুরু মাঠের লড়াই।

তিন ম্যাচ সিরিজের পরের দুই টি-টোয়েন্টি যথাক্রমে ওল্ড ট্র্যাফোর্ড ও ট্রেন্ট ব্রিজে, আগামী শুক্র ও রোববার।