২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন

তিন সদস্যের নির্বাচন কমিশন চূড়ান্ত করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন
গত বছর সরকার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবি চলছে এখন অল্প কয়েকজন পরিচালক নিয়ে। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 07:01 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

সিলেটে সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। 

সভা শেষ সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, শিগগিরই নির্বাচন কমিশন গঠন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

“নির্বাচন কমিশনের ব্যক্তিবর্গ এখনও ঠিক হয়নি। সেটা সভাপতির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে নাম সুপারিশ করার জন্য। তবে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন হবে। আমার ধারণা, দু-একদিনের মধ্যেই আমরা জানতে পারব।”

"বোর্ড সদস্যদের সঙ্গে পরামর্শ করেই তিনি এটা করবেন। কীভাবে করবেন, সেটারও একটা গাইডলাইন আছে। কোন কোন জায়গা থেকে কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবেন, সেটিরও একটি দিকনির্দেশনা দেওয়া আছে।" 

একসময় সরকারের মনোনয়নেই বিসিবি সভাপতি নিয়োগ দেওয়া হতো। ২০১২ সালে সেই সময়ের বিসিবি প্রধান আ হ ম মুস্তফা কামাল আইসিসি প্রধানের দায়িত্ব নেওয়ার পর সরকারের মনোনয়নেই বোর্ড সভাপতি হন নাজমুল হাসান। পরের বছর গঠনতন্ত্র সংশোধনের পর বিসিবির প্রথম নির্বাচিত সভাপতিও হন নাজমুল।

এরপর ২০১৭ ও ২০২১ সালের নির্বাচনেও সভাপতি নির্বাচিত হন নাজমুল। তবে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই সাংসদ তিনবারই সভাপতি নির্বাচিত হন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়।

বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের ভোটে পরিচালকদের ২৩ জন পরিচালক নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হন আরও দুজন। 

সেই ২৫ পরিচালকের ভোটে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়ে থাকেন।