২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

অভিযুক্ত মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের প্রথম পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 08:27 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ভারতে যৌন হয়রানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়া দলের দুই ক্রিকেটার। এক মোটরসাইকেল আরোহী তাদের ‘অযাচিতভাবে স্পর্শ’ করেছেন বলে অভিযোগ উঠেছে।

ইন্দোরে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের পরদিন, গত বৃহস্পতিবার সকালে খেলোয়াড়রা যখন টিম হোটেলের কাছে একটি ক্যাফেতে হেঁটে যাচ্ছিলেন, তখন ঘটে এই ঘটনা।

ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার এক বিবৃতিতে বলেছে, দলের নিরাপত্তাকর্মীরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন এবং তারা বিষয়টি দেখছেন।

ইন্দোর অপরাধ শাখার অতিরিক্ত জেলা পুলিশ কমিশনার রাজেশ বলেছেন, তারা অভিযান চালিয়ে আকিল নামে একজনকে গ্রেপ্তার করেছেন। ওই ব্যক্তি খাজরানার বাসিন্দা, কিন্তু এখন আজাদ নগরে থাকেন। পূর্বেও তার এক অপরাধের তথ্য আছে।

ইন্দোরে শনিবার দক্ষিণ আফ্রিকাকে ৯৭ রানে গুটিয়ে, ৭ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের প্রথম পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার নাভি মুম্বাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। এর আগের দিন গুয়াহাটিতে প্রথম সেমি-ফাইনালে লড়বে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।