Published : 06 Jun 2026, 08:35 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের পর দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা। মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে লঙ্কানদের।
জ্যামাইকায় গত বুধবারের ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছিল কুশাল মেন্ডিসের দল।
আইসিসির মন্থর ওভাররেটের নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কানদের শাস্তির কথা জানায়।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন শ্রীলঙ্কা অধিনায়ক মেন্ডিস। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
একই মাঠে শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।