বিপিএলে রানের শীর্ষে শান্ত, বিশ্বকাপ নিয়ে ‘চিন্তা নেই’
বিশ্বকাপ দল ঘোষণা করা হয়ে গেলেও বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত।
প্রশ্নটি শুনে ভ্রু কুঁচকে নাজমুল হোসেন শান্ত বললেন, “আমি যতটুকু জানি বিশ্বকাপ দল তো দিয়ে দিয়েছে…!” তাকে জানানো হলো, দল ঘোষণা করা হলেও কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনার সুযোগ আছে। সেটা শুনেও তার চেহারায় বা কণ্ঠে কোনো পরিবর্তন দেখা গেল না। বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা হারানো ব্যাটসম্যান বললেন, বিশ্বকাপ তার ভাবনায় নেই আপাতত।
বিশ্বকাপ দল ঘোষণার এতদিন পরও শান্তর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন কিংবা আলোচনা হচ্ছে। পারফরম্যান্স দিয়েই সেটি তিনি আদায় করে নিয়েছেন।
স্কোয়াড ঘোষণা হলেও আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যে কোনো দলই ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। বাংলাদেশ দলের বাস্তবতায় সেই সম্ভাবনা কমই। তবে বিপিএলে কেউ অসাধারণ কিছু করলে তার জন্য দুয়ার খুলেও যেতে পারে।
শান্ত এখনও সাড়া জাগানিয়া কিছু করেননি। তবে সেই সম্ভাবনা জাগিয়েছেন। বিপিএলে রানের তালিকায় এখন তিনি শীর্ষে। সাত ম্যাচে ২৮৭ রান করেছেন ৪৭.৮৩ গড় ও ১৪৮.৭০ স্ট্রাইক রেটে। আসরের একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকে। ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়ে দেওয়ার ম্যাচ রোববার খেলেছেন ৪২ বলে ৭৬ রানের ইনিংস।
ম্যাচ-সেরা হয়ে সংবাদ সম্মেলনে এলে তাকে জিজ্ঞেস করা হয় বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার সম্ভাবনা নিয়ে। তবে তিনি সেই আলোচনার পালে হাওয়া দিলেন না।
“আসলে আমি এটা নিয়ে আমি চিন্তাও করি নাই। আমার মূল ফোকাস, কীভাবে প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি। আমার কাছে মনে হয় যে এখনও যথেষ্ট নয়, আমি যেভাবে ব্যাটিং করেছি। এখানে আরও বেশি কিছুর সুযোগ আছে। চেষ্টা করব পরের ম্যাচে আবার দলে ইম্প্যাক্ট রাখার।
“দল নির্বাচন তো আসলে আমার নিয়ন্ত্রণে নাই। এখানে কোচ, অধিনায়ক, নির্বাচকরা যেটা দলের জন্য ভালো মনে করেছেন, সেটাই আসলে করেছেন। আমার কাজ নিয়মিত পারফর্ম করা, সেটাই করার চেষ্টা করছি।”
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের বেশির ভাগ ব্যাটসম্যানই একদম ছন্দে নেই বিপিএলে। ওপেনার তানজিদ হাসান, অধিনায়ক লিটন কুমার দাস সাত ম্যাচ খেলেও ফিফটি করতে পারেননি। রাজশাহীর বিপক্ষে এই ম্যাচে ৯৭ রানের ইনিংস খেলার আগে ছয় ম্যাচে তাওহিদ হৃদয়ের ফিফটি ছিল একটি। নুরুল হাসান সোহান খুব ভালো কিছু করতে পারছেন না। কেবল পারভেজ হোসেন ইমন মোটামুটি পারফর্ম করেছেন, শামীম হোসেন একটি ভালো ইনিংস খেলেছেন।
ব্যাটসম্যানদের ফর্ম এমন চলতে থাকলেই শান্তর নাটকীয়ভাবে ফেরার সম্ভাবনা একটু উজ্জ্বল হতে পারে। তবে তিনি নিজে বলছেন, জাতীয় দলের ব্যাটসম্যানদের এই ফর্ম নিয়ে দুর্ভাবনার কিছু নেই।
“আটটা-দশটা ইনিংস হবে হয়তো, যারা রান করছেন না। এটা হতেই পারে। টি-টুয়েন্টিতে আসলে ব্যর্থতা নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক। দেখবেন যে, একটা ভালো ইনিংস আবার ওই আত্মবিশ্বাস ফেরত আনে। যারা রান করছে না, তাদের ওপরে ওই বিশ্বাসটা টিম ম্যানেজমেন্টের আছে এবং আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে।”
“কারণ টি-টুয়েন্টিতে ব্যর্থতা আসবেই। বিশ্বকাপের আগে রান করছে না, কেন করছে না, এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় ইতিবাচক চিন্তা করা ভালো। আপনি যদি আগের সিরিজগুলো, আন্তর্জাতিক সিরিজ যারা খেলেছেন, তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছেন এবং বেশ কয়েকটা সিরিজও জিতেছেন। ওই আত্মবিশ্বাসটা থেকেই যাবে।”
