Published : 11 May 2026, 05:36 PM
৫ হাজার হতে প্রয়োজন ছিল ঠিক ৫০ রান। নোমান আলির বলে সুইপ করে সিঙ্গল নিয়ে দুটি মাইলফলক স্পর্শ করে ফেললেন মুমিনুল হক। ম্যাচে দ্বিতীয়বার তিনি পা রাখলেন পঞ্চাশে। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পৌঁছে গেলেন ৫ হাজার রানের ঠিকানায়।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে এই অর্জন ধরা দেয় মুমিনুলের।
৫ হাজারের ১৪১ রান দূরে থেকে এই টেস্ট শুরু করেছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রথম ইনিংসে আউট হন তিনি ৯১ রানে। বাকি দূরত্বটুকু পাড়ি দেন দ্বিতীয় ইনিংসে।
বাংলাদেশের হয়ে ৫ হাজার টেস্ট রান আছে আর শুধু মুশফিকুর রহিম ও তামিম ইকবালের।
প্রথম এই মাইলফলকের দেখা পেয়েছিলেন মুশফিক। ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৫ হাজার পূর্ণ হয় তার, পরের মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার সঙ্গী হন তামিম।
১২৯ ইনিংসে ৫ হাজার ছুঁয়ে দ্রুততম এখনও তামিম। মুশফিকের লেগেছিল ১৪৯ ইনিংস। মুমিনুল আছেন দুজনের মাঝামাঝি, ১৪১ ইনিংস।
টেস্ট ক্যারিয়ারের শুরুটা যেভাবে হয়েছিল, সেই গতিতে ছুটলে আরও আগেই হয়তো এই দিনটির দেখা পেতেন মুমিনুল। ১ হাজার রান হয়েছিল তার ২১ ইনিংসে, ২ হাজার ৪৭ ইনিংসে। দুটিতেই তিনি বাংলাদেশের দ্রুততম। ৩ হাজার লাগে তার ৭৬ ইনিংস, সেখানে তিনি তামিমের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের দ্রুততম।
এরপরই তার ধারাবাহিকতা কমতে থাকে। ৪ হাজার রান করেন তিনি ১১৩ ইনিংস খেলে। ১০৬ ইনিংসে ৪ হাজার করে বাংলাদেশের রেকর্ড তামিমের।
সাম্প্রতিক সময়ে অবশ্য বেশ ফর্মে আছেন মুমিনুল। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করেন তিনি। এই নিয়ে টানা ৫ ইনিংসে পঞ্চাশ ছুঁলেন বাঁহাতি ব্যাটসম্যান। এর তিনটিতে পেরিয়েছেন ৮০।