১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মিল্ন

গত আসরের মতো এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছেন না নিউ জিল্যান্ডের চোটপ্রবণ পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 06:04 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

বিশ্বকাপের ঠিক আগে আবার হানা দিল পুরোনো সেই আততায়ী। মসৃণ গতিতে ছুটে চলার পথেই আবার মুখ থুবড়ে পড়লেন অ্যাডাম মিল্ন। নিউ জিল্যান্ডের পেসার এবারও খেলতে পারবেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার বদলি হিসেবে সুযোগ পেলেন কাইল জেমিসন।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি আসর এসএ টোয়েন্টিতে গত রোববার নিজের প্রথম ওভারে তিন বল করেই মিল্ন মাঠ ছাড়েন হ্যামস্ট্রিংয়ের টান লাগায়। সেই চোটই তাকে বাইরে রাখছে বিশ্বকাপ থেকে। 

এই অভিজ্ঞতা অবশ্য নতুন কিছু নয় ৩৩ বছর বয়সী পেসারের জন্য। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলতে পারেননি। ক্যারিয়ারজুড়েই একের পর এক চোট তার লেগেই ছিল। মাঠের ভেতরের চেয়ে বাইরেই থাকতে হয়েছে তাকে বেশি। 

একসময় তিনি ছিলেন তুমুল গতিময় ফাস্ট বোলার। চোটের থাবায় গতি কমেছে। দারুণ সম্ভাবনাময় ক্যারিয়ার পায়নি পূর্ণতা। তবু তিনি বারবার ফিরে এসে চেষ্টা করেছেন পারফর্ম করতে। এবারের এসএ টোয়েন্টিতে ১১ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.৬১ রান দিয়ে। নিউ জিল্যান্ডের হয়ে এ বছর যে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন, ভালো বোলিং করেছেন প্রতিটিতেই। কিন্তু বিশ্বকাপই খেলতে পারলেন না।

গত বিশ্বকাপে বাইরে থাকার আগে ২০২২ বিশ্বকাপে তিনি ছিলেন স্কোয়াডে, কিন্তু ম্যাচ খেলতে পারেননি। 

জেমিসন দলে ছিলেন সফরসঙ্গী বিকল্প হিসেবে। তাকেই এখন মূল স্কোয়াডে জায়গা দেওয়া হলো। চোটপ্রবণতায় তিনি তুমুল লড়াই করতে পারেন মিল্নের সঙ্গে। তবে দীর্ঘ চোট কাটিয়ে গত বছর মাঠে ফিরে নিজেকে মাঠেই রাখতে পেরেছেন ভালোভাবে।

মিল্নকে হারিয়ে হতাশ নিউ জিল্যান্ডের কোচ রব ওয়াল্টার, তবে ভরসা রাখছেন তিনি জেমিসনের ওপর। 

“অ্যাডামের জন্য আমরা সবাই দুঃখিত। বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতে প্রচণ্ড পরিশ্রম করেছিল সে এবং এসএ টোয়েন্টিতে তার বোলিং দেখে মনে হচ্ছিল নিজেরে সেরাটায় ফিরতে পেরেছে। এই সময়ে চোটে পড়াটা তার জন্য দুর্ভাগ্যজনক, তার দ্রুত সুস্থতা কামনা করি আমরা।”

“এটা দারুণ ব্যাপার যে, কাইল আমাদের সঙ্গে ভারতেই আছে। আমাদের পেস বোলিং গ্রুপের অবিচ্ছেদ্য অংশ সে এবং এই সফরে মাঠে নেমে খেলেছে। সেও কঠোর পরিশ্রমী, স্কিল ভালো এবং অভিজ্ঞতাও আছে, যা তাকে এই টুর্নামেন্টের জন্য ভালো অবস্থায় রাখবে।”

নিউ জিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা দুই পেসার ম্যাট হেনরি ও লকি ফার্গুসন বিশ্বকাপের সময় পিতৃত্বকালীন ছোট্ট ছুটিতে ফিরতে পারেন দেশে।

বিশ্বকাপে নিউ জিল্যান্ড প্রথম ম্যাচ খেলবে ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে।