২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অম্ল-মধুর দিন কাটানো ইবাদতের পাশে সাকিব

প্রথম দুই ওভারে দুর্দান্ত বোলিংয়ের পর শেষ দুই ওভারে খরুচে ছিলেন অভিষিক্ত এই ফাস্ট বোলার।

দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 11:38 AM

Updated : 02 Sep 2022, 11:38 AM

গল্পটা হতে পারত ‘এলাম, দেখলাম, জয় করলাম।’ কিন্তু জয়ের সুবাস হারিয়ে গেল দুঃস্বপ্নের থাবায়। ইবাদত হোসেন চৌধুরির টি-টোয়েন্টি অভিষেক হতে পারত স্বপ্নের মতো। শেষ দুই ওভারের বিষাদে আশা গেল গুঁড়িয়ে। তবে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানের আস্থার হাত নিজের কাঁধে পাচ্ছেন এই ফাস্ট বোলার।

শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল ইবাদতের। প্রথম ম্যাচে প্রথম ওভারেই দুই উইকেট! পরের ওভারের আরেকটি। প্রথম দুই ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট। কুসল মেন্ডিসের কট বিহাইন্ডের রিভিউ নেওয়া হলে উইকেট হতো চারটি।

শুরুতে দারুণ বোলিংয়ে তিনি ছিলেন নায়কের আসনে। পরে দুটি খরুচে বোলিংয়ে হয়ে যান খলনায়ক।

টিকে থাকার লড়াইয়ে মোহাম্মদ সাইফ উদ্দিনের জায়গায় ইবাদতকে খেলায় বাংলাদেশ। ষষ্ঠ ওভারে গতিময় এই পেসার যখন বল হাতে পান, তখন বেশ ভালো অবস্থানে শ্রীলঙ্কা। পঞ্চাশের পথে ছুটছে উদ্বোধনী জুটির রান।

নিজের প্রথম ওভারে চার বলের মধ‍্যে পাথুম নিসানকা ও চারিথ আসালাঙ্কাকে বিদায় করেন ইবাদত। দুই জনকেই ফেরান শর্ট বলে।

পরের ওভারে দানুশকা গুনাথিলাকার উইকেটও নেন ইবাদত। দুর্দান্ত এক ক‍্যাচে এতে বড় অবদান তাসকিন আহমেদের। পরের বলেই মিলত আরেকটি উইকেট। যদি কট বিহাইন্ডের রিভিউ নিত বাংলাদেশ।

ত্রয়োদশ ওভারে ফিরে তালগোল পাকান গতিময় এই পেসার। হোয়াইড দিয়ে শুরুর পর দাসুন শানাকার ব‍্যাটে হজম করেন টানা দুই ছক্কা। পরের বলটি করেন ওয়াইড, সঙ্গে ব‍্যটসম‍্যানরা নেন একটি রান। পরের বল ‘নো!’ প্রথম দুটি বৈধ ডেলিভারিতে আসে ১৬ রান! পরের চার বলে ৬।

আবার যখন আক্রমণে ফেরেন ইবাদত, তখন ২ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ২৫ রান। প্রথম দুই বলে চামিকা করুনারত্ন নেন দুটি ডাবল। পরের বলটিতে নো বল করেন ইবাদত, ব‍্যাটসম‍্যান মারেন বাউন্ডারি। ওভারের পঞ্চম বলে সরাসরি থ্রোয়ে করুনারাত্নেকে রান আউট করে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখেন সাকিব।

তবে শেষ বলে আসিথা ফার্নান্দোর কাছে বাউন্ডারি হজম করেন ইবাদত। ওভার থেকে আসে ১৭ রান।

এরপর আর পেরে উঠেনি বাংলাদেশ। ৪ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন ইবাদত। সবচেয়ে বেশি উইকেট নেওয়া এই পেসারই ছিলেন সবচেয়ে বেশি অগোছাল। ৬ ওয়াইডের পাশে তিনি করেন দুটি ‘নো’ বল।

তার একটি বড় শক্তির জায়গা ইয়র্কার। কিন্তু এই ম্যাচে সেই চেষ্টা তাকে করতে দেখা যায়নি শেষের ওভারগুলোয়। প্রথম স্পেলে ব্যাক অব লেংথ-এ বল করে সফল হয়েছেন। পরেও সেই পথেই হেঁটেছেন। কিন্তু অতি অনুমেয় বোলিংয়ের খেসারত দিতে হয়েছে।

তবে প্রথম ম্যাচেই ইবাদতকে কাঠগড়ায় তুলতে চান না সাকিব। অভিষিক্ত ফাস্ট বোলারের বাস্তবতাও মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক।

“আমার ধারণা, এমন চাপের ম্যাচ এর আগে সে খেলেনি। অভিষেক হলো আজ। টেস্ট খেলেছে, ওয়ানডে একটি-দুটির বেশি খেলেনি। টেস্ট খেলছে নিয়মিত। কিন্তু এমন চাপের পরিস্থিতিতে এত বড় মঞ্চে এই প্রথম মাঠে ছিল। ওর অনেক কিছু শেখার আছে।”

একই দিনে টি-টোয়েন্টি ক্রিকেটের দুই বাস্তবতার স্বাক্ষী হয়ে গেছেন ইবাদত। সাকিবের ধারণা, এই ম্যাচের শিক্ষা ইবাদতের সামনে চলার পাথেয় হবে।

“প্রথম ২ ওভারে যেভাবে বোলিং করেছে, ও আমাদের ম্যাচে ফিরিয়েছিল। তারপর থেকে স্বাভাবিকভাবে আমরা ভেবেছিলাম, আজকের দিনটা ওরই যেতে পারে। কিংবা ওই আজকে আমাদের সবচেয়ে ভালো বোলার হবে।”

“প্রত্যাশা করাই যায়, যেহেতু প্রথম ২ ওভারে ৩ উইকেট নিয়েছে। তার ছন্দ ভালো থাকবে, সে অনেক ইতিবাচক অবস্থায় থাকবে। মানসিকভাবে অনেক ভালো অবস্থায় চলে আসে, এমন একটা পরিস্থিতিতে। দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আমার ধারণা, অনেক কিছু সে এই ম‍্যাচ থেকে শিখতে পারবে।”