মন্থর দিনের শেষে ৯৯ রানে অপরাজিত রুট
লর্ডস টেস্টের প্রথম দিন ইংল্যান্ড ওভারপ্রতি রান তুলেছে কেবল তিনের একটু বেশি করে।
‘বাজ, বাজ, বাজবল… আমি দেখতে চাই’, দ্বিতীয় সেশনে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা টানা চার ওভার মেডেন দেওয়ার পর জো রুটকে উদ্দেশ্য করে বলছিলেন মোহাম্মদ সিরাজ। তবে ভারতীয় পেসারের স্লেজিংয়ে মনোযোগ হারালেন না ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান। টেম্পারমেন্ট, ধৈর্য, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা মিলিয়ে টেস্ট ব্যাটিংয়ের আদর্শ প্রদর্শনী মেলে ধরে সেঞ্চুরির দুয়ারে পৌঁছে গেলেন তিনি।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লর্ডস টেস্টের প্রথম দিন মন্থর ব্যাটিংয়ে ৮৩ ওভারে ইংল্যান্ড করেছে ৪ উইকেটে ২৫১ রান। স্বাগতিকরা ওভারপ্রতি রান তুলেছে কেবল ৩.০২ করে।
ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের ‘বাজবল’ জমানায় কোনো টেস্টের প্রথম দিন অলআউট না হয়ে তাদের সর্বনিম্ন স্কোর এটিই।
৩৭তম টেস্ট সেঞ্চুরি থেকে স্রেফ ১ রান দূরে আছেন রুট। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানোর পরদিন ১৯১ বলে ৯৯ রানে অপরাজিত আছেন সাবেক ইংলিশ অধিনায়ক। ১০২ বলে ৩৯ রানে অপরাজিত বর্তমান অধিনায়ক বেন স্টোকস।
২০২২ সালে পূর্ণ মেয়াদে অধিনায়ক হওয়ার পর থেকে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে কোনো টেস্টে টস জিতে ব্যাটিং নেন স্টোকস। উইকেটে কিছুটা ঘাসের ছোঁয়া থাকলেও বোলারদের জন্য সহায়তা তেমন একটা নেই।
উইকেট যেমন কিছুটা মন্থর, বেন ডাকেট ও জ্যাক ক্রলি ব্যাটিংয়ের শুরুটাও করেন ধীরগতির। প্রথম ঘন্টায় ১৩ ওভারে কোনো উইকেট না হারালেও ইংল্যান্ড করতে পারে কেবল ৩৯ রান।
প্রথম পানি-পানের বিরতির পর ইনিংসে প্রথমবার আক্রমণে এসেই চার বলের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন নিতিশ কুমার রেড্ডি। লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কিপার রিশাভ পান্তের গ্লাভসে ধরা পড়েন ডাকেট (৪০ বলে ২৩)। ক্রলিও (৪৩ বলে ১৮) ক্যাচ দেন উইকেটের পেছনে।
২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টের প্রথম ওভারে ইরফান পাঠানের হ্যাটট্রিকের পর এই প্রথম কোনো ভারতীয় পেসার কোনো টেস্ট ইনিংসে নিজের প্রথম ওভারে একাধিক উইকেট পেলেন।
জোড়া ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন রুট ও অলিভার পোপ। প্রথম সেশনে আর কোনো বিপদ হতে দেননি তারা।
ইংল্যান্ড শতরান পূর্ণ করে ৩৫.৪ ওভারে। ‘বাজবল’ জমানায় কোনো টেস্ট ইনিংসে একশ করতে তাদের এর চেয়ে বেশি ওভার লেগেছে কেবল একবারই। ভারতের বিপক্ষেই ২০২৪ সালে রাজকোটে লেগেছিল ৩৭.২ ওভার।
দ্বিতীয় সেশনেও রুট-পোপের জুটি ভাঙতে পারেনি ভারত। এর মাঝে একটি ধাক্কাও খায় ভারত। আঙুলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন পান্ত। বদলি কিপার হিসেবে নামেন ধ্রুব জুরেল। পান্ত ব্যাটিং করতে পারেন কি-না, সেটিই এখন দেখার।
রুট ফিফটি করেন ১০২ বলে। প্রথম দুই সেশনে ৪৯ ওভারে ইংল্যান্ড করে ২ উইকেটে ১৫২।
চা-বিরতির পর প্রথম বলে পোপকে ফিরিয়ে ২১১ বল স্থায়ী ১০৯ রানের জুটি ভাঙেন স্পিনার রাভিন্দ্রা জাদেজা। ১০৪ বলে ৪৪ রান করেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক।
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরার পরদিন ব্যাটিংয়ে নেমে হ্যারি ব্রুক টিকতে পারেন কেবল ২০ বল। তাকে বোল্ড করে দেন র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার, বিশ্রাম কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরাহ।
সেখান থেকে বাকি দিনের ২৮.১ ওভার কাটিয়ে দেন রুট ও স্টোকস। ৭৯ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন তারা।
এ দিন প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের বিপক্ষে টেস্টে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রুট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৫১/৪ (ক্রলি ১৮, ডাকেট ২৩, পোপ ৪৪, রুট ৯৯*, ব্রুক ১১, স্টোকস ৩৯*; বুমরাহ ১৮-৩-৩৫-১, আকাশ ১৭-২-৭৫-০, সিরাজ ১৪-৫-৩৩-০, নিতিশ ১৪-০-৪৬-২, ওয়াশিংটন ১০-১-২১-০)
