২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মুশফিক ও উইলিয়ামসকে ছাড়িয়ে যেখানে চূড়ায় টেইলর

প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রেকর্ডের পাতায় নাম লেখালেন ৩৯ বছর বয়সী টেইলর।

মুশফিক ও উইলিয়ামসকে ছাড়িয়ে যেখানে চূড়ায় টেইলর
ব্রেন্ডন টেইলর। ছবি: জিম্বাবুকে ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 06:47 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

দুঃস্বপ্নের পথ পেরিয়ে প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেইলর। তার নামও উঠে গেল এক রেকর্ডের পাতায়। বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ টেস্ট ও আন্তর্জাতিক ক্যারিয়ার এখন জিম্বাবুয়ের ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের।

বুলাওয়ায়োতে নিউ জিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছে টেইলরের। তার টেস্ট অভিষেক হয়েছিল ২০০৪ সালের মে মাসে, হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে। অভিষেক থেকে ধরে তার টেস্ট ক্যারিয়ারের বয়স এখন ২১ বছর ৯৩ দিন।

বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ার ছিল এতদিন বাংলাদেশের মুশফিকুর রহিমের (২০ বছর ৩৩ দিন)। ২০০৫ সালের মে মাসে টেস্ট অভিষিক্ত মুশফিক সবশেষ এই সংস্করণে খেলেছেন গত জুনে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডেকে বিদায় বলে দিলেও টেস্ট ক্রিকেটে এখনও খেলে যাচ্ছেন ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান।   

বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল এতদিন শন উইলিয়ামসের, যিনি একই টেস্টে টেইলরের সঙ্গেই খেলছেন। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উইলিয়ামসের। কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ২০ বছর ১৬৩ দিন। 

টেইলর টেস্ট অভিষেকের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ২০০৪ সালের এপ্রিলে ওয়ানডে দিয়ে। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স তাই এখন ২১ বছর ১০৯ দিন।

২০২১ সালের সেপ্টেম্বরে অনেকটা আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন টেইলর। আইসিসি দুর্নীতি দমন আইনের বেশ কয়েকটি ধারা ভাঙায় চার মাস পর তাকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। একসময়ে ড্রাগ আর অ্যালকোহল আসক্তিতে ডুবে থাকা জীবনের দুঃসহ অধ্যায়ের গল্পও সম্প্রতি শোনান তিনি। 

দেশের মাঠে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে মূলত এখন তার এই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা।

সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের রেকর্ডের তালিকায় টেইলর আছেন ১২ নম্বরে। এখানে চূড়ায় ইংলিশ কিংবদন্তি উইলফ্রেড রোডস (৩০ বছর ৩১৫ দিন)। পাঁচটি ভিন্ন দশকে টেস্ট খেলেছেন তিনি (১৮৯০, ১৯০০, ১৯১০, ১৯২০ ও ১৯৩০)। সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ডও রোডসের (৫২ বছর ১৬৫ দিন)। 

লম্বা সময় পর ফেরার দিনে ১০৭ বলে ৬ চারে ৪৪ রান করেছেন টেইলর। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয়েছে স্রেফ ১২৫ রানে।