২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাপাই এক্সপ্রেস’ নয়, সাধারণ পরিচয়েই সাবলীল নাহিদ রানা

‘নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি নরম্যাল মানুষ’, বিধ্বংসী বোলিংয়ে ৫ উইকেট নেওয়ার পর বললেন নাহিদ রানা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 09:15 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়ে কেমন লাগছে? নাহিদ রানা বললেন, “ফিলিং নরমাল…।” চাপাইনবাবগঞ্জের ছেলেকে এখন তো ‘চাপাই এক্সপ্রেস’ বলা যায়! নাহিদ এবার বললেন, “আমি একটা নরমাল মানুষ…।” মাঠে তিনি এ দিন অসাধারণ বোলিং করেছেন, কিন্তু মাঠের বাইরে খুবই সাধারণ। ২২ গজে তিনি আগুন ঝরিয়েছেন, কিন্তু সংবাদ সম্মেলনে মাইক্রোফোনে সামনে তিনি যেন নিস্তরঙ্গ জলের প্রবাহ।

টেস্ট ক্রিকেটে নাহিদ রানার গতির ঝড় দেখা গেছে নানা সময়ে। পাকিস্তানে গিয়ে ৫ উইকেট নিয়েছেন। নানা সময়ে নানা স্পেলে কাঁপিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। রঙিন পোশাকে দেশের হয়ে তার সেই রুদ্ররূপ প্রথমবার দেখা গেল এবার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৪ রানে শিকার করলেন তিনি ৫ উইকেট।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার নিজের প্রথম ৫ ওভারের প্রতিটিতেই উইকেট শিকার করেন তিনি। গতি ও বাউন্সের মিশেলে ভয়ঙ্কর বোলিংয়ে ভীতি ছাড়ান প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে।

তার এই বোলিং পারফরম্যান্স পাকিস্তানের হয়ে বাংলাদেশের সেরা ওয়ানডে বোলিংয়ের রেকর্ড। ম্যাচ-সেরা হয়ে যখন সংবাদ সম্মেলনে এলেন, তার কাছে জানতে চাওয়া হলো অনুভূতি। কিন্তু তার বোলিং যতটা রোমাঞ্চকর, প্রতিক্রিয়া ততটাই ম্রিয়মান।

“ফিলিং নরমাল….সামনে চেষ্টা করব যে কীভাবে এই জিনিসটা লম্বা সময় ধরে রাখা যায়।”

তার মতো গতিময় বোলাররা যুগে যুগেই নানা নাম পেয়ে গেছে। ওয়াকার ইউনিস যেমন ছিলেন ‘বুম্বশেল অব বুরেওয়ালা’, শোয়েব আখতার এখনও ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’, বাংলাদেশ পেয়েছিল একজন ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মুর্তজাকে, তেমনি নাহিদের নাম অতটা পরিচিতি এখনও না পেলেও ‘চাপাই এক্সপ্রেস’ বলা হয়ে থাকে টুকটাক।

কিন্তু সেই নামকে আপন করে নেওয়ার কোনো ইচ্ছেই নেই তার।

“আমি নিজেকে কোন ব্র্যান্ড মনে করি না। আমি মনে করি… আমি একটা নরমাল মানুষ এবং চেষ্টা করি যে কীভাবে ভালো ভালো পারফরম্যান্স দিতে পারব।”

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট কাউকে উৎসর্গও করলেন না আলাদা করে, “নাহ, স্পেশাল কোনো কিছু না। চেষ্টা করব যাতে এই জিনিসটা লম্বা সময় চালিয়ে যেতে পারি।”

কাউকে উৎসর্গ না করলেও এই পারফরম্যান্সের জন্য ধন্যবাদ জানালেন তিনি সতীর্থ দুই পেসারকে। বাংলাদেশের বোলিংয়ের সূচনা করেন এ দিন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। নাহিদ জানালেন, অভিজ্ঞ দুই পেসারের সঙ্গে কথা বলে তিনি ধারণা পেয়েছেন উইকেট সম্পর্কে।

“সারপ্রাইজিং না (উইকেটের আচরণ)… কারণ এই প্রথমে ফিজ ভাই এবং তাসকিন ভাই বোলিং করছিল, তাদের সাথে কথা বলছিলাম মাঠের মধ্যে যে, উইকেটে কী হচ্ছে না হচ্ছে। তারা তখন বলল, উইকেটে হিট করলে কিংবা একটা জায়গাতে লাইন-লেংথ ধরে রাখলে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন। আমি ওই জিনিসটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি।”

কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি আড়ালের একজনের প্রতিও। বোলিং কোচ শন টেইটকে তারা পাশে পান বন্ধু ও অভিভাবকের মতো করে। 

“কোচ হিসেবে উনি (টেইট) আউটস্ট্যান্ডিং, একজন কোচ এবং বন্ধু হিসেবে আমাদের সঙ্গে মিশে থাকেন এবং আমাদের যখন যেটা লাগে, তিনি তখন সেই জিনিসটাই আমাদেরকে দে। আমাদেরকে সবসময় বলেন যে, ‘তুমি তোমার শক্তির জায়গায় থাকো এবং তোমার যা লাগবে তুমি আমাকে বলবে, আমি তোমাদেরকে গাইড করার জন্য আছি। তোমরা খেলবে মাঠে, আমি তোমাদেরকে পরিকল্পনা দেব, তোমরা এক্সিকিউট করবে এবং ম্যাচ জেতাবে।’ এভাবেই তিনি সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে কথা বলেন এবং সবসময় হচ্ছে সেরা চেষ্টা করেন।”