আইসিসি টাকা না দেওয়ায় বিশ্বকাপ প্রাইজমানি দিতে দেরি, বলল বিসিবি
নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ক্রিকেটাদের বিশ্বকাপের প্রাইজমানি না দেওয়া নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের দাবি, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি এখনও পাঠায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।
সম্প্রতি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল এই অভিযোগ তোলেন। আইসিসির চুক্তি অনুযায়ী ৫০ দিনের মধ্যে প্রাইজমানি দেওয়ার নিয়ম। কিন্তু বিশ্বকাপের পর ৯ মাস কেটে গেলেও এখনও ক্রিকেটাররা সেই টাকা পাননি বলে দাবি করেন দেবব্রত।
এমন অভিযোগের বিরুদ্ধে মঙ্গলবার বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বিলম্ব তাদের অবহেলার কারণে নয়, আইসিসি এখনও টাকা না পাঠানোয় হচ্ছে। বিশ্বকাপের মতো আসরগুলোর প্রাইজমানি সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে পাওয়া যায় বলে জানিয়েছে বিসিবি।
দেবব্রতর অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছে বিসিবি। একই সঙ্গে এর তীব্র প্রতিবাদও করার কথা বলা হয়েছে।
গত নভেম্বরে শেষ হয় ওয়ানডে বিশ্বকাপ। যেখানে ভারতকে হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে নেয় অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ ৯ ম্যাচ খেলে ২ ম্যাচ জিতে অষ্টম হয়ে বিদায় নেয় প্রাথমিক পর্ব থেকেই। বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য ১ লাখ মার্কিন ডলার এবং দুই ম্যাচ জেতায় ৪০ হাজার করে আরও ৮০ হাজার মার্কিন ডলার পাবে বাংলাদেশ।
বিসিবির মতে, তাৎক্ষনিকভাবেই প্রাইজমানি পাওয়ার প্রক্রিয়া শুরু করা হলেও কর সহ আরও কিছু সমস্যার কারণে তা বিলম্ব হচ্ছে। এসব প্রশাসনিক বাধা কেবল বাংলাদেশই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দেশও সম্মুখীন হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে বিসিবি।
প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েট হাসকিন্স অ্যান্ড সেলসের এলএলপিকে নিয়োগ দেওয়ার কথা জানিয়ে বিসিবি বলেছে, সকল আনুষ্ঠানিকতা আপাতত শেষ। তাই কয়েক সপ্তাহের মধ্যে প্রাইজমানি পাওয়ার আশা করছে তারা।
