২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯৭ রানের পর এবার সুরিয়াভানশির ৯৬

আইপিএলে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেন ভারতের বিস্ময়বালক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 10:06 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

এক ওভার আগে পরপর দুটি শর্ট বলে টেনিসের ফোরহ্যান্ড শটের মতো করে মারেন ছক্কা ও চার। ধারাভাষ্যকার বললেন, “যেন রাফায়েল নাদাল ব্যাটিং করছেন এখানে!” শর্ট বলেই এবার আপার কাট করতে গিয়ে টাইমিং হলো না ঠিকমতো। আগের ম্যাচে যেভাবে ৯৭ রানে আউট হয়েছিলেন বৈভাব সুরিয়াভানশি, এবার ঠিক একইভাবে তিনি কাটা পড়লেন ৯৬ রানে!

আইপিএলে পরপর দুটি ম্যাচে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেন সুরিয়াভানশি। নিউ চান্ডিগাড়ে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে আট চার ও সাত ছক্কায় ৪৭ বলে ৯৬ রান করেন রাজস্থান রয়্যালস ওপেনার। গত বুধবার একই মাঠে এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৯ বলে ৯৭ রান করেছিলেন ১৫ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যান।

আগের ম্যাচের মতো অতটা বিধ্বংসী রূপে এ দিন শুরুতে ছিলেন না সুরিয়াভানশি। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে দুই উইকেট হারায় রাজস্থান। তাই যেন কিছুটা সাবধানী ব্যাটিং করেন সুরিয়াভানশি। 

৩১ বলে ফিফটি পূর্ণ করেন তিনি ত্রয়োদশ ওভারে। আইপিএলে তার মন্থরতম ফিফটি এটিই। আগের মন্থরতম ছিল গত বছর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২৭ বলে।     

প্রতিযোগিতাটিতে এটি তার অষ্টম পঞ্চাশ ছোঁয়া ইনিংস। আগের সাত ইনিংসের পাঁচটিই তিনি পঞ্চাশ ছুঁয়েছিলেন ১৭ বল বা এর কমে। এতেই ফুটে উঠছে তার বিধ্বংসী রূপ।

ফিফটি পর্যন্ত তিনি ছক্কা মারেন কেবল দুটি। তবে পরের চার ওভারে ছক্কা হাঁকান পাঁচটি। তাতে আবার সেঞ্চুরির দুয়ারে পৌঁছে যান বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু আরেকটি ছক্কার চেষ্টাতেই রাবাদার বলে থার্ডম্যানে ধরা পড়েন তিনি, যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি।

এই নিয়ে চার ম্যাচের মধ্যে তিনবার নব্বইয়ে কাটা পড়লেন সুরিয়াভানশি (৯৩, ৯৭, ও ৯৬)। আইপিএলের এক আসরে তিনবার এমন অভিজ্ঞতা ছিল এতদিন শুধু গ্লেন ম্যাক্সওয়েলের, ২০১৪ সালে। চলতি আসরে দুইবার নব্বইয়ের ঘরে আউট হন মিচেল মার্শ।

ওই তিন ইনিংসে তিন অঙ্ক ছুঁতে পারলে চলতি আইপিএলে সুরিয়াভানশির সেঞ্চুরি হতো চারটি!