১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তান সিরিজে কোহলিকে পাচ্ছে না ভারত, খবর গণমাধ্যমের

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন ভারতের ব্যাটিং গ্রেট।

আফগানিস্তান সিরিজে কোহলিকে পাচ্ছে না ভারত, খবর গণমাধ্যমের
ভিরাট কোহলি। ছবি: কোহলির ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 05:05 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

আইপিএলের ফাইনালে পায়ে অস্বস্তি নিয়ে ব্যাটিং করা ভিরাট কোহলিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়তো পাবে না ভারত। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন এই ব্যাটিং গ্রেট।

তিন ম্যাচের সিরিজটিতে কোহলিকে না পাওয়ার কথা যদিও আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি বিসিসিআই। তবে বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপেসসহ ভারতের সংবাদ মাধ্যমগুলো অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ছিটকে পড়ার খবর দিয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে লিখেছে, অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৩৭ বছর বয়সী কোহলিকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা ধরে রাখার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কোহলি। আসরে ১৬ ইনিংসে ৫৬.২৫ গড় ও ১৬৫.৮৪ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করেন তিনি। ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে রান তাড়ায় খেলেন অপরাজিত ৭৫ রানের ইনিংস। 

ওই ইনিংস খেলার পথেই এক পর্যায়ে পায়ে টান লাগে কোহলির। মাঠে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরে দেখা যায়, দৌড়ে রান নেওয়ার সময় খোঁড়াচ্ছেন বেঙ্গালুরুর ওপেনার। তবে শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলের জয় সঙ্গে নিয়েই মাঠ ছাড়েন তিনি।

কোহলি ছিটকে গেলে তার জায়গায় দেবদূত পাডিক্কাল, তিলাক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, রাজাত পাতিদারদের মধ্যে কাউকে দলে ডাকতে পারে ভারত।

রোহিত শার্মা ও হার্দিক পান্ডিয়ারও এই সিরিজে খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফিটনেস পরীক্ষায় উতরানোর শর্তে এই দুইজনকে দলে রেখেছে ভারত। টাইমস অব ইন্ডিয়ার খবর, ফিটনেস পরীক্ষা দিতে এখনও বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সেই যাননি সাবেক অধিনায়ক রোহিত।

আগামী ১৩ জুন ধারামসালায় শুরু ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ লখনৌ ও চেন্নাইয়ে, ১৭ ও ২০ জুন।

ওয়ানডে সিরিজের আগে আফগানদের বিপক্ষে একটি টেস্ট খেলবে ভারত। চান্ডিগাড়ে মাঠের লড়াই শুরু শনিবার।