আবার শূন্য রানে আউট জয়, বল হাতে উজ্জ্বল মুশফিক-আবু হায়দার
চট্টগ্রামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই পতন ১৫ উইকেটের।
ম্যাচের প্রথম বলটি মুশফিক হাসান করলেন অফ স্টাম্পের বেশ বাইরে। মাহমুদুল হাসান জয় ছেড়ে দিলেন। স্টাম্পে থাকা পরের বল করলেন ডিফেন্স। তৃতীয় বল আবার স্টাস্পের বাইরে, আবার ছাড়লেন তিনি। পরের বলটি লেংথে পিচ করে ঢুকল ভেতরে। জয়ের সামনের পা কেউ যেন আঠা দিয়ে আটকে রাখল ক্রিজে, বলের লাইনে গেলই না। ব্যাট-প্যাডের ফাঁক গেল বোল্ড।
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার খুব বেশি দিনের নয় জয়ের। এর মধ্যেই শূন্যের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক সখ্য হয়ে গেছে তরুণ ব্যাটসম্যানের। আরও একবার এই তেতো স্বাদ পেলেন তিনি।
বিচ্ছিন্ন ঘাস থাকা উইকেটে অবশ্য ভুগলেন এ দিন কম-বেশি প্রায় সব ব্যাটসম্যানই। বল হাতে আলো ছড়ালেন তরুণ পেসার মুশফিক হাসান ও অভিজ্ঞ আবু হায়দার রনি।
চট্টগ্রামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম দিনেই পতন হলো ১৫ উইকেট। বিসিবি উত্তরাঞ্চল অলআউট ১৬৯ রানে। এই রানেই লিড পাওয়ার আশা জিইয়ে আছে তাদের। বিসিবি মধ্যাঞ্চল দিন শেষ করে ৫ উইকেটে ১২৮ রান নিয়ে।
বিসিবি উত্তরাঞ্চলের হয়ে সাইফ হাসান চারে নেমে খেলেন ৭৩ রানের ইনিংস। তিনটি করে উইকেট নেন মুশফিক ও আবু হায়দার।
টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরাঞ্চল ম্যাচের চতুর্থ বলেই হারায় জয়কে। ২২ বছল বয়সী ব্যাটসম্যানের দুঃসময় এতে দীর্ঘায়িত হলো আরও।
সম্প্রতি ভারতের বিপক্ষে তিনি টেস্ট স্কোয়াডে থাকলেও জায়গা হারান একাদশ থেকে। টেস্টের ক্যারিয়ারে ৫ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি আনঅফিসিয়াল টেস্টে করেছেন শূন্য ও ১৭। এরপর জাতীয় লিগে দুই ম্যাচ খেলে করেন একটি ফিফটি। বিসিএলের ৫০ ওভারের সংস্করণে তিন ম্যাচে করতে পারেননি কোনো ফিফটি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল সিরিজে ৪ ইনিংস মিলিয়ে করেন ৪৪ রান।
জয়কে হারানোর পরের ওভারে উত্তরাঞ্চল উইকেট হারায় আরেকটি। এবার আবু হায়দারের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ তৌফিক খান।
একটু পরে মুশফিকের শর্ট বলে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনে নামা তানজিদ হাসান তামিম। অভিজ্ঞ নাঈম ইসলামকে দুর্দান্ত এক সুইঙ্গিং ইয়র্কারে বোল্ড করে দেন আবু হায়দার।
আরেক অভিজ্ঞ নাসির হোসেন আউট হন সৌম্য সরকারের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে। গালিতে দুর্দান্ত ক্যাচ নেন আব্দুল মজিদ। দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি অধিনায়ক আকবর আলিও। আবু হায়দারের বলে তিনি ধরা পড়েন স্লিপে। দ্বিতীয় স্লিপ থেকে প্রথম স্লিপের সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন আরিফুল হক।
৮৫ রানে ৫ উইকেট হারানো দলের হয়ে একটু প্রতিরোধ গড়েন সাইফ হাসান ও মোহাম্মদ শরিফুলউল্লাহ। ষষ্ঠ উইকেটে ৪৭ রানের জুটি গড়েন তারা, ইনিংসের যা সেরা জুটি।
১১ চার ও ১ ছক্কায় ৭৩ রান করা সাইফকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মুশফিক। দায় অবশ্য সাইফেরই বেশি। স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালান তিনি একদম জায়গায় দাঁড়িয়ে।
শেষ দিকে আবার ব্যাটিংয়ে নেমে তানজিদ দ্রুত কিছু রান তোলেন। তবে বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি। শরিফউল্লাহর অফ স্পিনে রিভার্স সুইপে চার মারার পরের বলে স্লগ করে আউট হয়ে যান ৬ চারে ২৭ রান করে।
শেষ ৩ উইকেট স্রেফ ১ রানের মধ্যে হারায় উত্তরাঞ্চল।
ব্যাটিংয়ে নেমে মধ্যাঞ্চলের শুরুটাও হয় বাজে। ইনিংসের দ্বিতীয় ওভারেই নাহিদ রানার অনেক বাইরের বলে আলগা শট খেলে বিদায় নেন অভিজ্ঞ মজিদ।
এরপর নাঈম আহমেদের অফ স্পিনে ধরা দেয় দুটি উইকেট। আব্দুল্লাহ আল মামুন আউট হন দৃষ্টিকটূ এক স্লগে, লাইন মিস করে বোল্ড হন সালমান হোসেন। বাঁহাতি পেসার সালাউদ্দিন সাকিলের বল ফ্লিক করে স্কয়ার লেগে ক্যাচ দেন সৌম্য সরকার। অধিনায়ক শুভাগত হোম উইকেট বিলিয়ে দেন সোহরাওয়ার্দী শুভকে সুইপ করে।
৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে মধ্যাঞ্চল। সেখান থেকে জাকের আলি অনিক ও শরিফউল্লাহ এগিয়ে নেন দলকে। এ দিন আর কোনো উইকেট হারাতে দেননি তারা। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬৪ রানে।
আগের রাউন্ডে সেঞ্চুরি করা জাকের খেলছেন ৩৭ রানে, ৩৫ রানে অপরজিত শরিফউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি উত্তরাঞ্চল: ৪৪.৪ ওভারে ১৬৯ (জয় ০, তৌফিক ৪, তানজিদ ২৭, সাইফ ৭৩, নাঈম ইসলাম ৭, নাসির ১২, আকবর ১০, সোহাওয়ার্দী ২৩, শাকিল ১০, নাঈম আহমেদ ০, নাহিদ ০; মুশফিক ১৩-২-৫৯-৩, আবু হায়দার ১০-২-৪৬-৩, আরিফুল ২-১-৪-০, সৌম্য ৪-০-১৪-১, মুরাদ ৬-২-১৫-০, আল মামুন ৪-০-১৮-০, শুভাগত ৪.৪-২-৬-১, শরিফউল্লাহ ১-০-৪-২ )
বিসিবি মধ্যাঞ্চল: ৩৮.১ ওভারে ১২৮/৫ (মজিদ ১, আল মামুন ৯, সৌম্য ১৯, সালমান ১৩, জাকের ৩৭*, শুভাগত ৩, শরিফউল্লাহ ৩৫*; শাকিল ৭-১-১৭-১, নাহিদ ৮.১-১-৩৭-১, নাঈম আহমেদ ১২-১-৩৯-২, সোহরাওয়ার্দী ৭-০-১৭-১, নাসির ৪-১-৩-০)
