বিসিবি নির্বাচন নিয়ে তদন্তের দাবি ‘৫০ ক্লাবের’
‘সরকারের হস্তক্ষোপ ও নোংরামির’ অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানো তামিম ইকবাল জানালেন, ৭৬ ক্লাবের মধ্যে ৫০টিই নির্বাচন নিয়ে অভিযোগ করেছে।
বিসিবি নির্বাচনের পর থেকেই তামিম ইকবাল ও ক্লাব সংগঠকদের বড় অংশ এই নির্বাচন ও বোর্ডকে অবৈধ দাবি করে আসছে। এবার আনুষ্ঠানিকভাবে সেই অভিযোগ তারা দাখিল করেছেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। যত দ্রুত সম্ভব নির্বাচন নিয়ে তদন্তের অনুরোধ করা হয়েছে তাদের পক্ষ থেকে।
গত অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুললেও পরে ‘সরকারের একটি অংশের’ প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম। এবার সেই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ঢাকার বিভিন্ন বিভাগের ক্লাবগুলির দুই-তৃতীয়াশংই এই অভিযোগ জানিয়েছে।
“সঠিক পথে যেভাবে প্রক্রিয়া অনুসরণ করে করা দরকার, আমরা সেভাবেই করছি। বাংলাদেশের ক্রীড়ায় যে নতুন স্ট্যান্ডার্ড সেট করার দরকার, আমরা ওভাবেই এগোনোর চেষ্টা করছি। সেখানে জোর-জবরদস্তির কিছু নেই। কারণ আমরা বিশ্বাস করি, আমাদের যে কথাগুলি আছে, যে প্রমাণগুলো আছে, সেগুলো যৌক্তিক। এ কারণেই আমরা এই পথে যাচ্ছি।”
“আজকে আমরা আনুষ্ঠানিক অভিযোগই বলতে পারেন করতে এসেছি আমরা। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব এই বিষয়ে আপত্তি জানিয়েছে যে, এই নির্বাচন সঠিকভাবে হয়নি। ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব যদি একমত থাকে, এটিই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। এখানে আবাহনী-মোহামেডানসহ, যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুটি ক্লাব, তারাসহ এটাতে একমত।”
পুরো বোর্ডই ভেঙে দেওয়ার আবেদন করা হয়েছে কি না, এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি তামিম। তবে এই বোর্ডের সময়ে যে মাঠের ক্রিকেট ঠিকঠাক চলছে না, ঢাকার লিগ ক্রিকেট চলছে ধুঁকে ধুঁকে এবং সামনেও আছে অনিশ্চয়তা, তা তুলে ধরেছেন সাবেক এই অধিনায়ক।
“এটা তো সময়ই বলবে (আবেদনের বিস্তারিত)। আমাদের যে সঠিক পথ বেছে নিয়ে আবেদন করা দরকার, সেই সঠিক পথ বেছে নিয়ে আমরা আবেদন করেছি। সঙ্গে এটা মনে রাখবেন যে, এই সবকিছু সেকেন্ডারি। এই ক্লাবগুলো একমত না দেখেই ঢাকা লিগ, প্রথম বিভাগ লিগ, দ্বিতীয় বিভাগ লিগ, তৃতীয় বিভাগ, সামনের প্রিমিয়ার লিগ, এসব অনিশ্চিত হয়ে আছে। এই আলোচনার মধ্যে আমরা সবসময় ভুলে যাই যে খেলা হচ্ছে না। ক্রিকেট বোর্ডকে এটারও উত্তর দিতে হবে যে, খেলা কেন হচ্ছে না।”
“হ্যাঁ, আপনি ১২টি দল নিয়ে খেলছেন। (বাকি) ৮টি দলে ১০০-১৫০ ক্রিকেটার…। প্রথম বিভাগে আলাদা টুর্নামেন্ট করা হলেও দ্বিতীয় ও তৃতীয় বিভাগে করা হয়নি। প্রিমিয়ার লিগে যদি খেলা না হয়, তাহলে কী হবে! এসব প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, উনাদের উত্তর দিতে হবে।”
মোহামেডান ক্লাবে পরিচালক মাসুদুজ্জামান বললেন, এই আবেদনের জন্য এখনকার সময়েই উপযুক্ত মনে হয়েছে তাদের কাছে।
“আমরা এনএসসিতে আমাদের অভিযোগ দিয়েছি। যাবতীয় ঘটনাগুলি যা বিগত দিনে ঘটেছে, এ সমস্ত জিনিস আমরা জানিয়েছি। আমরা উনাদেরকে তদন্তের জন্য আবেদন করেছি। তদন্ত যেন দ্রুত করে… আমরা তো আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই, ক্রিকেট মাঠে গড়াক। আমরা চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিনিসটা হোক।”
“স্বাধীনতার পর যে কোনো নির্বাচনকে হার মানিয়েছে এবার… এরকম বন্দোবস্ত হয়েছিল। ১৭-১৮ বছর পর গণতন্ত্র ফিরে এসেছে। এখন একটি গণতান্ত্রিক সরকার আছে। আমরা মনে করি, কথা বলার উপযু্ক্ত সময় এটি। এই কারণেই আবেদন করেছি।”
নির্বাচন থেকে সরে দাঁড়ানো আরেক সংগঠক ও বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা বললেন, তদন্ত কমিটির কাছে তারা নির্বাচন নিয়ে আড়ালের সবকিছু তুলে ধরতে চান।
“আমরা আবেদন করেছি স্বাধীন তদন্ত সংস্থার জন্য, যেখানে এনএসসির একজন প্রতিনিধি থাকবে পারবে এবং ফর্মেশন কীভাবে হবে, এটা সরকার সিদ্ধান্ত নেবে। তদন্ত হলে আমাদের স্বাক্ষ্য নিশ্চয়ই নেওয়া হবে যে, আমরা কীসের মুখোমুখি হয়েছিলাম।”
গত অক্টোবরে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর তামিম ইকবাল বলেছিলেন, “আমার বয়স হয়তো কম, কিন্তু আমি সিনিয়রদের (সংগঠক) থেকে শুনেছি, ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনদিন এত নোংরামি তারা দেখেননি।”
সরে দাঁড়ানো আরেক সংগঠক এক্মিওম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু বলেছিলেন, “বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। নির্বাচনের কোনো পরিবেশ এখানে নেই। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো নির্বাচন আমরা চাই না। সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে।”
একইরকম অভিযোগ করেছিলেন পরে আরও অনেকেই। এমনকি নির্বাচনে অংশ নেওয়া দেবব্রত পালও একইরকম অভিযোগ করেছিলেন নির্বাচন শেষে। এই বোর্ডকে অবৈধ দাবি করে গত মাস পাঁচ ধরেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে আছে ঢাকার ৪৫টি ক্লাব।
