Published : 05 Feb 2026, 09:02 PM
পিটার সিডলের কাছে বয়স যেন কেবলই একটি সংখ্যা। সবশেষ বিগ ব্যাশেও দারুণ বোলিং করা ৪১ বছর বয়সী পেসার এবার ডাক পেয়েছেন টি-টোয়েন্টি ব্লাস্টে। ইংল্যান্ডের ঘরোয়া ২০ ওভারের এই প্রতিযোগিতায় তাকে দলে নিয়েছে নটিংহ্যামশায়ার।
তিন বছর পর আবার টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন অস্ট্রেলিয়ান পেসার সিডল। তার সঙ্গে ২০২৬ সালের পুরো আসরের জন্য চুক্তি করেছে নটিংহ্যামশায়ার।
এর আগেও নটিংহ্যামশায়ারের প্রতিনিধিত্ব করেছিলেন সিডল, তবে সেটা কাউন্টি চ্যাম্পিয়ন্সশিপে। ২০১৪ সালে ক্লাবটির হয়ে খেলে ৩৭ উইকেট নিয়েছিলেন তিনি।
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এসেক্সের হয়ে কাউন্টিতে খেলেন সিডল। ২০১৯ সালে ক্লাবটির হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পান তিনি। এছাড়া ল্যাঙ্কাশায়ার, সমারসেটের হয়েও কাউন্টি ক্রিকেট খেলেন সিডল।
এসেক্সের জার্সিতে ২০১৮ সালের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেন সিডল। ২০২২ ও ২০২৩ সালে এই প্রতিযোগিতায় তিনি প্রতিনিধিত্ব করেন সমারসেটের। টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ডানহাতি এই পেসারের উইকেট ২৭টি।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের গত আসরে মেলবোর্ন স্টার্সের হয়ে ১১ ম্যাচে ১৬ উইকেট নেন সিডল। লম্বা সময় পর টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে যেন তর সইছে না তার।
“আমি খুবই রোমাঞ্চিত এবং ট্রেন্ট ব্রিজে আবার ফিরে যাওয়ার জন্য মুখিয়ে আছি। এবার খেলব ভাইটালিটি ব্লাস্টে। ব্লাস্টে খেলা আগেও আমি উপভোগ করেছি। বিগ ব্যাশ খেলে, যেখানে দারুণ অনুভব করেছি এবং দলে ভালো কিছু অবদান রাখতে পেরেছি, তাই আবার ইংল্যান্ডে যেতে তর সইছে না।”
টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারদের একজন হবেন সিডল। তার থেকে ১৬ মাস বড় জেমস অ্যান্ডারসন গত মৌসুমে এই টুর্নামেন্টে খেলেছিলেন ১১ বছর পর। ল্যাঙ্কাশায়ারের হয়ে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন ইংলিশ পেস বোলিং গ্রেট।
আগামী ২২ মে শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্ট। ওই দিনই ইয়র্কশায়ারের মুখোমুখি হবে নটিংহ্যামশায়ার।