লাইভ: তিন দিন শেষে বড় পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
চেন্নাই টেস্ট জয়ের জন্য শেষ দুই দিনে বাংলাদেশের চাই ৩৫৭ রান, ভারতের ৬ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩৭৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯
ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭.২ ওভারে ১৫৮/৪
পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
উইকেটে থিতু হয়েও বড় স্কোর খেলতে পারেননি স্বীকৃত ব্যাটসম্যানরা। এমএ চিদম্বরম স্টেডিয়ামে তিন দিন শেষে তাই বড় পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ।
৫১৫ রানের বিশাল লক্ষ্যে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে তারা। আলোকস্বল্পতার কারণে ৪০ মিনিট আগেই খেলা বন্ধ করা হয়।
জয়ের জন্য আরও ৩৫৭ রানের লক্ষ্যে চতুর্থ দিনের খেলা শুরু করবে সফরকারীরা। বিপরীতে ভারতের প্রয়োজন ৬ উইকেট।
তৃতীয় সব মিলিয়ে ৭৮.২ ওভারে ৫ উইকেটে হয়েছে ৩৬৪ রান। এর মধ্যে ১ উইকেটে ২০৬ রান করেছে ভারত। আর দ্বিতীয় সেশনের দ্বিতীয় ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান রিশাভ পান্ত ও শুবমান গিল করেন সেঞ্চুরি। ১৬২ রানের জুটি গড়ে ১০৯ রানে আউট হন পান্ত। ১১৯ রানে অপরাজিত থাকেন গিল।
বিশাল লক্ষ্য তাড়ায় ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন জাকির হাসান ও সাদমান ইসলাম। ৩৩ রান করে ফেরেন জাকির। সাদমানের ব্যাট থেকে আসে ৩৫ রান। এরপর মুশফিকুর রহিম ও মুমিনুল হক টিকতে পারেননি।
ওয়ানডে স্টাইলে খেলে ৫৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩৭৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯
ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৩৭.২ ওভারে ১৫৮/৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৫১*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ৫*; বুমরাহ ৭-২-১৮-১, সিরাজ ৩.২-১-২০-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ১৫-০-৬৩-৩, জাদেজা ৬-০-২৯-০)
আলোকস্বল্পতায় বন্ধ খেলা
দিনের খেলা শেষ হওয়ার ১০ ওভারের কম বাকি থাকলে মাঠে কমে এলো আলো। তাই আপাতত খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা।
৩৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান। নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ ও সাকিব আল হাসান ১৪ বলে ৫ রানে অপরাজিত।
ছক্কা মেরে শান্তর ফিফটি
রবিচন্দ্রন অশ্বিনের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি সুইপ শটে ছক্কায় ওড়ালেন নাজমুল হোসেন শান্ত। বল সীমানা পার হতেই ১০ ইনিংস পর তিনি পৌঁছে গেলেন পঞ্চাশের ঠিকানায়।
৪ চার ও ৩ ছক্কায় ৫৫ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করলেন শান্ত। এর সঙ্গে ৫টি সেঞ্চুরি আছে বাংলাদেশ অধিনায়কের।
৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৭ রান।
অহেতুক শটে মুশফিকের বিদায়
রবিচন্দ্রন অশ্বিনের আগের বলেই স্লগ সুইপে দারুণ ছক্কা মারলেন মুশফিকুর রহিম। পরের বল আবারও বড় শট খেলার চেষ্টা করলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারলেও বেশি দূর নিতে পারলেন না। মিড অন ও লং অনের মাঝামাঝি জায়গায় সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন লোকেশ রাহুল।
মাঠের দুই আম্পায়ার নিশ্চিত ছিলেন না ক্যাচের ব্যাপারে। রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার। অশ্বিনের তৃতীয় শিকার হয়ে ফেরেন ১১ বলে ১৩ রান করা মুশফিক।
৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪৮ রান। নাজমুল হোসেন শান্ত ৫৪ বলে ৪৪ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।
মুমিনুলকেও ফেরালেন অশ্বিন
নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়ার চেষ্টায় বেশ খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর ক্ষান্ত দিলেন মুমিনুল হক। ভুল লাইনে ডিফেন্ড করে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরলেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।
৩ চারে ২৪ বলে ১৩ রান করেন মুমিনুল। তার বিদায়ে ভাঙে ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি।
নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৪১ বলে ৩৫ রানে অপরাজিত শান্ত।
৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২৪ রান।
সাদমানকে ফেরালেন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনের শর্ট ডেলিভারি পিচ করার পর কিছুটা থমকে গেল। ব্যাকফুটে গিয়ে অন সাইডে খেলার চেষ্টা করলেন সাদমান ইসলাম। কিন্তু তার ব্যাটের সামনের কানায় লেগে বল চলে গেল শর্ট মিড উইকেটে। সহজ ক্যাচ নিলেন শুবমান গিল।
প্রায় দেড় ঘণ্টা উইকেটে থেকে আউট হয়ে গেলেন ৩ চারে ৬৮ বলে ৩৫ রান করা বাঁহাতি ওপেনার। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুমিনুল হক। ১৪ বলে ১৪ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।
২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান। জয় থেকে ৪২৯ রান দূরে তারা।
জয়সওয়ালের দুর্দান্ত ক্যাচে জাকিরের বিদায়
চা বিরতির পর বেশিক্ষণ খেলতে পারলেন না জাকির হাসান। জাসপ্রিত বুমরাহর অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে গালিতে ক্যাচ দিলেন বাঁহাতি ওপেনার। বাম দিকে নিচু হয়ে এক হাতে অসাধারণ ক্যাচ নেন ইয়াশাসবি জয়সওয়াল।
৫ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৩৩ রান করেন জাকির। নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সাদমান ইসলাম ৫১ বলে ২৬ রানে অপরাজিত।
১৬.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬২ রান।
অবিচ্ছিন্ন থেকে সেশন পার জাকির-সাদমানের
জাকির হাসান ও সাদমান ইসলামের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনে উইকেট হারায়নি বাংলাদেশ। ১৩ ওভারে তাদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান। জয় থেকে ৪৫৯ রান দূরে তারা।
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে প্রথম ঘণ্টা ব্যাটিং করে ভারত। মাত্র ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৮২ রান করে ইনিংস ঘোষণা করে তারা। সেঞ্চুরি ছুঁয়ে ১০৯ রানে আউট হন রিশাভ পান্ত। ১১৯ রানে অপরাজিত থাকেন শুবমান গিল।
এরপর ৫১৫ রানের প্রায় অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে ইতিবাচক শুরু করেন জাকির। অন্য প্রান্তে সাবধানী ব্যাটিং করেন সাদমান। দ্বাদশ ওভারে পূর্ণ হয়ে উদ্বোধনী জুটির পঞ্চাশ রান।
জাকির ৩৮ বলে ৩২ ও সাদমান ৪০ বলে ২১ রানে শেষ সেশনের খেলা শুরু করবেন।
জাকির-সাদমান জুটির পঞ্চাশ
রবিচন্দ্রন অশ্বিনের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড-অনের ওপর দিয়ে মারলেন জাকির হাসান। বল চলে গেল সীমানায়। একইসঙ্গে পূর্ণ হলো সাদমানের ইসলামের সঙ্গে জাকিরের উদ্বোধনী জুটির পঞ্চাশ।
ভারতের মাঠে টেস্টে এটিই উদ্বোধনী জুটিতে বাংলাদেশের প্রথম পঞ্চাশছোঁয়া জুটি।
১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান। জাকির ৩৬ বলে ৩২ ও সাদমান ৩৬ বলে ২০ রানে অপরাজিত।
জাকিরের ইতিবাচক শুরু
প্রথম ওভারে জাসপ্রিত বুমরাহর দ্বিতীয় বলেই বাউন্ডারি মারলেন জাকির হাসান, দুই বল পর আরেকটি। ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজের বল ওড়ালেন ছক্কায়। পরে টানা দুই চারে শেষ করলেন ওই ওভার।
৫১৫ রানের বিশাল লক্ষ্যে শুরুটা অন্তত ইতিবাচকই করলেন জাকির। তার সৌজন্যে ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান।
২০ বলে ২৩ রানে অপরাজিত জাকির। আরেক ওপেনার সাদমান ইসলাম খেলছেন ১৬ বলে ৯ রানে।
৫১৫ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
মধ্যাহ্ন বিরতির পর ৫০ মিনিট ব্যাটিং করে ইনিংস ঘোষণা দিল ভারত। শুবমান গিল ও লোকেশ রাহুলের ৫১ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে তাদের লিড ছাড়াল ৫০০ রান। বাংলাদেশের সামনে লক্ষ্য ৫১৫ রানের।
দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৬৪ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান। পঞ্চম সেঞ্চুরিতে ১১৯ রানে অপরাজিত রইলেন গিল। রাহুল খেলছিলেন ২২ রানে। ষষ্ঠ সেঞ্চুরি করা রিশাভ পান্ত আউট হন ১০৯ রানে।
প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হওয়া বাংলাদেশকে রচনা করতে হবে ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়। প্রায় দেড়শ বছরের ইতিহাসে ৪১৮ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই আন্তর্জাতিক ক্রিকেটে।
বল হাতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদ ও নাহিদ রানার শিকার ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩৭৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯
ভারত ২য় ইনিংস: (আগের দিন ৮১/৩) ৬৪ ওভারে ২৮৭/৪ (ডিক্লে) (গিল ১১৯*, পান্ত ১০৯, রাহুল ২২*; তাসকিন ৭-১-২২-১, হাসান ১১-১-৪৩-০, নাহিদ ৬-০-২১-১, সাকিব ১৩-০-৭৯-০, মিরাজ ২৫-৩-১০৩-২, মুমিনুল ২-০-১৫-০)
গিলের সেঞ্চুরি
এক ইনিংসে শূন্য, আরেকটি সেঞ্চুরি- টেস্ট ক্রিকেটে অন্যরকম এই তালিকার সবশেষ সদস্য হলেন শুবমান গিল। এই তালিকার সবশেষ ঘটনাও বাংলাদেশের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে গত মাসে প্রথম টেস্টে ১৪১ রানের পর দ্বিতীয়বার শূন্য রানে আউট হন সাউদ শাকিল।
ভারতের হয়ে এই তালিকায় সবশেষ সদস্য ছিলেন চেতেশ্বর পুজারা। ২০১৮ সালের মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয়বার রানের খাতা খুলতে পারেননি টেস্ট বিশেষজ্ঞ।
প্রায় ছয়র বছর চেন্নাইয়ে প্রথম ইনিংসে বাজেভাবে আউট হওয়ার পর দ্বিতীয়বার গিলের ব্যাট থেকে এলো শতরানের ইনিংস। ৯ চার ও ৩ ছক্কায় ১৬১ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৬১ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৬৩ রান। স্বাগতিকদের লিড এখন ৪৯০ রান।
গিল ১৬৫ বলে ১০৬ ও লোকেশ রাহুল ১২ বলে ১১ রানে অপরাজিত।
পান্তকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ
মধ্যাহ্ন বিরতির পর প্রতি ওভারে বড় শটের চেষ্টা করছিলেন রিশাভ পান্ত। মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানের বল চার-ছক্কায় উড়িয়ে সেঞ্চুরিও পূর্ণ করেছেন তিনি। তবে বেশিক্ষণ টেনে নিতে পারলেন না বাঁহাতি ব্যাটসম্যান।
মিরাজের বল ক্রিজ ছেড়ে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দেন ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করা পান্ত। তার বিদায়ে ভাঙে ১৬৭ রানের চতুর্থ উইকেট জুটি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান লোকেশ রাহুল। ১৪৪ বলে ৮৮ রানে অপরাজিত শুবমান গিল।
৫৬ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৩৪ রান।
ফেরার ম্যাচে পান্তের সেঞ্চুরি
ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসার প্রায় ২১ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামলেন রিশাভ পান্ত। আর ফেরার ম্যাচটি তিনি রাঙালেন চমৎকার সেঞ্চুরিতে।
১২ চার ও ৪ ছক্কায় ১২৪ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন পান্ত। ঘরের মাঠে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটিও চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে। ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে মাহেন্দ্র সিং ধোনির ৬ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসালেন বাঁহাতি ব্যাটসম্যান।
৫৫ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। স্বাগতিকদের লিড এখন ৪৫৬ রানের।
পান্ত ১২৬ বলে ১০৫ ও শুবমান গিল ১৪৩ বলে ৮৭ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ১৬২ রান।
বাংলাদেশের হতাশার সেশন
দিনের খেলা শুরুর আগে বৃষ্টি, খেলা শুরুর সময়ও কিছুটা মেঘলা আকাশ। অনেকটা প্রথম দিনের মতোই। বাংলাদেশের আশাও হয়তো ছিল প্রথম দিনের মতো দ্রুত কিছু উইকেট নেওয়ার। সেই আশা পূরণ হয়নি। উল্টো শুবমান গিল ও রিশাভ পান্তের ব্যাটে ছুটছে ভারত।
প্রথম সেশনের ২৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা করেছে ১২৪ রান। তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৫১ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৩২ রান।
জুটি ভাঙার সুযোগ অবশ্য এসেছিল। কিন্তু সাকিব আল হাসানের বলে পান্তের ক্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। আশি পেরিয়ে দুই ব্যাটসম্যানই ছুটছেন সেঞ্চুরির পথে।
৯ চার ও ৩ ছক্কায় ১০৮ বলে ৮২ রানে অপরাজিত পান্ত। ৭ চার ও ৩ ছক্কায় ১৩৭ বলে ৮৬ রান করেছেন গিল। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১৩৮ রান।
পান্তের ক্যাচ ছাড়লেন শান্ত
উইকেটে থিতু হয়ে যাওয়ার পর হাত খুলে খেলতে শুরু করলেন রিশাভ পান্ত ও শুবমান গিল। প্রায় প্রতি ওভারে বাউন্ডারির খোঁজে সুযোগও দিলেন পান্ত। কিন্তু নিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত।
সাকিব আল হাসানের হালকা ঝুলিয়ে দেওয়া উড়িয়ে মারতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন পান্ত। লং অন থেকে অনেকটা দৌড়ে বলের নিচে গেলেও হাতে রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৭২ রানে বেঁচে যান পান্ত।
৪৯ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান। তাদের লিড এখন ৪২০ রানের। গিল ১৩৩ বলে ৮৪ ও পান্ত ১০০ বলে ৭২ রানে খেলছেন।
গিল-পান্ত জুটির একশ
প্রথম সেশনের শেষ দিকে বোলিংয়ে এলেন সাকিব আল হাসান। প্রথম বলেই রিভার্স সুইপে চার মেরে তাকে স্বাগত জানালেন রিশাভ পান্ত। একইসঙ্গে পূর্ণ করলেন চতুর্থ উইকেট জুটির শতরান।
৪৭ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৭১ রান। শুবমান গিল ১২৮ বলে ৭৫ ও পান্ত ৯৩ বলে ৬০ রানে অপরাজিত। স্বাগতিকদের লিড এখন ৩৯৮ রান।
পান্তের ফিফটি
প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করতে করতে হুট করেই আলগা শটে উইকেট দিয়ে এসেছিলেন রিশাভ পান্ত। দ্বিতীয় ইনিংসে আর ভুল করলেন না ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
চমৎকার ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি করলেন পান্ত। তার সঙ্গে শুবমান গিলের জুটিতে ক্রমেই বাড়ছে ভারতের লিড।
জুটি ভাঙতে সকাল থেকে একপ্রান্তে স্পিন, একপ্রান্তে পেস আক্রমণের পরিকল্পনা সাজিয়েছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছেন না হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা।
৪৪ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। লিড বেড়ে ৩৭৮ রান।
গিল ১১৫ বলে ৬৫ ও পান্ত ৮৮ বলে ৫০ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৮৪ রান।
প্রথম ঘণ্টায় সাফল্য নেই বাংলাদেশের
তৃতীয় দিন সকালে তেমন কার্যকর বোলিং করতে পারছে না বাংলাদেশ। প্রথম ঘণ্টায় একটিমাত্র ভুল শট খেলতে দেখা গেছে শুবমান গিলকে। তাসকিন আহমেদের বলে পয়েন্টে কঠিন সুযোগ কাজে লাগাতে পারেননি বদলি ফিল্ডার তাইজুল ইসলাম। এছাড়া আর কোনো সুযোগ দেননি দুই ব্যাটসম্যান।
প্রথম ঘণ্টার ১৫ ওভারে ৪৮ রান করেছেন গিল ও রিশাভ পান্ত। সব মিলিয়ে ৩৮ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান। তাদের লিড এখন ৩৫৬ রান।
গিল ৯৯ বলে ৫৭ ও পান্ত ৬৮ বলে ৩৬ রানে অপরাজিত।
গিল-পান্ত জুটির পঞ্চাশ
বাংলাদেশের হতাশা বাড়িয়ে ভারতকে এগিয়ে নিচ্ছেন শুবমান গিল ও রিশাভ পান্ত। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি।
দ্বিতীয় দিন শেষ দিকে ভিরাট কোহলির বিদায়ের পর আর বিপদ ঘটতে দেননি গিল ও পান্ত। ৭৩ বলে পূর্ণ হয়েছে তাদের জুটির পঞ্চাশ রান।
৩২ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১৮ রান। গিল ৮৬ বলে ৫৫ ও পান্ত ৪৫ বলে ২৭ রানে অপরাজিত। স্বাগতিকদের লিড ৩৪৫ রান।
ছক্কা মেরে গিলের পঞ্চাশ
প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে বাজেভাবে আউট হয়েছিলেন শুবমান গিল। দ্বিতীয়বার আর ভুল করছেন না। এরই মধ্যে তিনি পূর্ণ করেছেন ফিফটি।
৩০তম ওভারে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় ও পঞ্চম বলে ছক্কায় উড়িয়ে ৩৯ থেকে ৫১ রানে পৌঁছে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। ৭৯ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি পূর্ণ করেন তিনি।
৩০ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। গিল ৮০ বলে ৫৩ ও রিশাভ পান্ত ৩৯ বলে ২৫ রানে অপরাজিত।
২৯তম ওভারে ভারতের একশ
নতুন দিনের শুরুতে ভারতের দুই ব্যাটসম্যানের তেমন পরীক্ষা নিতে পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। সাবলীল ব্যাটিংয়ে রান বাড়িয়ে চলেছেন শুবমান গিল ও রিশাভ পান্ত। একই মধ্যে একশ পূর্ণ করেছে স্বাগতিকরা।
দিনের প্রথম আধঘণ্টার ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান করেছে ভারত। সব মিলিয়ে ২৯ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৩২৭ রানে।
গিল ৭৪ বলে ৩৯ ও পান্ত ৩৯ বলে ২৫ রানে অপরাজিত।
দ্বিতীয় দিন শেষে যেখানে দাঁড়িয়ে
শুরুর হাসি মলিন হয়ে চেন্নাই টেস্টে কঠিন চাপে বাংলাদেশ। দুই দিনেই চোখরাঙানি দিতে শুরু করেছে বড় পরাজয়ের শঙ্কা। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও ভারতকে দ্রুত অলআউট করার লক্ষ্যেই খেলা শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।
এমএ চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানে এগিয়ে ভারত। প্রথম ইনিংসে ২২৭ রানের লিডের সঙ্গে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। শুবমান গিল ৬৪ বলে ৩৩ ও রিশাভ পান্ত ১২ বলে ১২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিনের প্রথম দুই সেশন নিজেদের করে নেয় বাংলাদেশ। এরপর থেকে শুধুই হতাশা। ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে ভারতকে চারশর কাছে নিয়ে যান রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা।
পরে জাসপ্রিত, আকাশ দিপদের তোপে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যার ফলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় তারা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩৭৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯
ভারত ২য় ইনিংস: ২৩ ওভারে ৮১/৩ (জয়সওয়াল ১০, রোহিত ৫, গিল ৩৩*, কোহলি ১৭, পান্ত ১২*; তাসকিন ৩-০-১৭-১, হাসান ৫-১-১২-০, নাহিদ ৩-০-১২-১, সাকিব ৬-০-২০-০, মিরাজ ৬-০-১৬-১)
