২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিক

প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে ভিন্ন দুই বোলারের হ্যাটট্রিকের নজির এটিই প্রথম।

এক ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিক
২০১৮ সালে ভারতের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যুব টেস্টে খেলেছিলেন মোহিত জাঙ্গরা। ফাইল ছবি: শ্রীলঙ্কার ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 09:31 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

বিরল এক ঘটনার সাক্ষী হলো রাঞ্জি ট্রফির সার্ভিসেস ও আসামের ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিকের দেখা মিলল প্রথমবারের মতো।  

আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে শনিবার ম্যাচের প্রথম দিন হ্যাটট্রিক করেন সার্ভিসেসের দুই বোলার অর্জুন শার্মা ও মোহিত জাঙ্গরা।

আসামের প্রথম ইনিংসের দ্বাদশ ওভারে পরপর তিন বলে তিন উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার অর্জুন। বাঁহাতি পেসার মোহিত হ্যাটট্রিক করেন দুই ওভার মিলিয়ে। ইনিংসের পঞ্চদশ ওভারের শেষ বলে একটি উইকেট নেওয়ার পর, সপ্তদশ ওভারের প্রথম দুই বলে দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। 

প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে দুটি হ্যাটট্রিকের তৃতীয় ঘটনা এটি। ১৯০৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে মিডলসেক্সের হয়ে এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করেন অ্যালবার্ট ট্রট। ১৯৬২ সালে রাঞ্জি ট্রফিতে নর্দার্ন পাঞ্জাবের বিপক্ষে সেটির পুনরাবৃত্তি করেন সার্ভিসেসের জোগিন্দার সিং রাও।

ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির এই প্রতিযোগিতায় এবার একই ইনিংসে হ্যাটট্রিক করলেন ভিন্ন দুই বোলার। 

১৯৮৬ সালে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লে রু। তবে হ্যাটট্রিক দুটি পুরোপুরি একই ইনিংসে ছিল না। রাইসের প্রথম দুটি উইকেট ছিল প্রথম ইনিংসে।

সার্ভিসেস-আসামের ম্যাচের প্রথম দিন উইকেট পড়েছে সব মিলিয়ে ২৫টি। প্রথম ইনিংসে আসামের ১০৩ রানের জবাবে সার্ভিসেস অলআউট হয়েছে ১০৮ রানে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫৬ রান নিয়ে দিন শেষ করেছে আসাম।