২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষিক্ত ওয়ালচ ও মুজারাবানির ব্যাটিং ঝলকের পরও পিছিয়ে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষ ৭৬ রানে এগিয়ে আছে আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 11:04 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে আলো ছড়ালেন নিক ওয়ালচ। চমৎকার ব্যাটিংয়ে সম্ভাবনা জাগিয়ে অল্পের জন্য পেলেন না সেঞ্চুরি স্বাদ। অসাধারণ বোলিং পর ব্যাট হাতেও জ্বলে উঠলেন ব্লেসিং মুজারাবানি। তবুও দিন শেষে পিছিয়ে জিম্বাবুয়ে।

বুলওয়ায়োতে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ২৬৭ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। স্রেফ ৭ রানের লিড পায় তারা। দ্বিতীয়বার খেলতে নেমে ১ উইকেটে ৮৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে আইরিশরা। 

৩২ রানে খেলছেন অ্যান্ডি বালবার্নি। ১৪ রানে অপরাজিত কার্টিস ক্যাম্পার। তাদের ব্যাটে ৭৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা।

অভিষেক ইনিংসে ৯০ রান করেছেন ২৭ বছর বয়সী ওয়ালচ। তার ১৭৩ রানের ইনিংসটি গড়া ১ ছক্কা ও ৯ চারে। ১০ নম্বরে নেমে ৬ চারে ক্যারিয়ার সেরা ৪৭ রান করেন মুজারাবানি।

১ উইকেটে ৭২ রান নিয়ে খেলতে নেমে ৫ রান যোগ করতেই কাইটানোকে হারায় জিম্বাবুয়ে। দলীয় একশর আগে ম্যাককার্থির বলে বোল্ড হয়ে যান ব্রায়ান বেনেটও।

ওয়েসলি মাধেভেরেকে নিয়ে দলের হাল ধরেন ওয়ালচ। ৪৬ রানের জুটি গড়েন দুইজন। ২৬ রান করা মাধেভেরেকে কট বিহাইন্ড করে তাদের প্রতিরোধ ভাঙেন ম্যাকব্রাইন। অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথান ক্যাম্পবেলও অভিষেক ইনিংসে হন ব্যর্থ।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ৭৮ বলে ফিফটি স্পর্শ করেন ওয়ালচ। এক প্রান্ত ধরে রেখে সেঞ্চুরির কাছেও পৌঁছে যান তিনি। কিন্তু শেষ পর্যন্ত ফেরেন ১০ রানের আক্ষেপ নিয়ে। মার্ক অ্যাডায়ারের বলে ছক্কার চেষ্টায় ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি।

শেষ উইকেটে ট্রেভর গুয়ান্ডাকে নিয়ে দলকে লিড এনে দেন মুজারাবানি। দুইজনের ১৪৩ বল স্থায়ী জুটিতে আসে ৬৭ রান। মুজারাবানিকে ফিরিয়ে তাদের দেয়াল ভাঙেন হামফ্রেজ।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ম্যাককার্থি। তিন শিকার ধরেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেয় আইরিশরা। কিন্তু ৪৬ রানে ভাঙে তাদের জুটি। দ্রুত রান তুলে ৫ চারে ৩০ রান করে ফেরেন পিটার মুর। এরপর আর দলকে বিপদে পড়তে দেননি বালবার্নি ও ক্যাম্পার।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬০

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৮৬.১ ওভারে ২৬৭ (আগের দিন ৭২/১) (কাইটানো ২৬, ওয়ালচ ৯০, বেনেট ৭, মাধেভেরে ২৬, ক্যাম্পবেল ৪, মায়াভো ০, এনগারাভা ১৫, মুজারাবানি ৪৭, গুয়ান্ডা ১৮*; অ্যাডায়ার ১৮-৪-৫৬-২, ম্যাককার্থি ২২-২-৭৫-৪, ইয়াং ১০-১-৩৬-০, হামফ্রেজ ১৫.১-১-৩৮-১, ম্যাকব্রাইন ২১-৫-৫৯-৩)

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২১ ওভারে ৮৩/১ (মুর ৩০, বালবার্নি ৩২*, ক্যাম্পার ১৪*; মুজারাবানি ৬-০-৩১-০, এনগারাভা ৬-১-২৫-১, গুয়ান্ডা ৫-০-১০-০, নিয়ামহুর ৩-০-৮-০, বেনেট ১-০-৩-০)