Published : 19 Jan 2026, 07:55 PM
ঢাক গুড়গুড় শোনা যাচ্ছিল কয়েক দিন ধরে। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে খেলতে দেখা যেতে পারে কেন উইলিয়ামসনকে। তবে সুনির্দিষ্ট কিছু জানা যাচ্ছিল না। এবার পরিস্কার একটি চিত্র তুলে ধরলেন জিমি নিশাম। রাজশাহীর এই কিউই অলরাউন্ডার বললেন, এসএ টোয়েন্টিতে উইলিয়ামসনের দলের ফলাফলের ওপর নির্ভর করবে কিংবদন্তি এই ক্রিকেটারের বিপিএলে আসা।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে ডারবান’স সুপার জায়ান্টসে খেলছেন উইলিয়ামসন। নিশাম নিজে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলে দিন দশেক আগে যোগ দিয়েছেন বিপিএল দল রাজশাহীতে।
এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল রাজশাহী। ১০ ম্যাচের ৮টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে তারা খেলবে প্রথম কোয়ালিফায়ারে। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
এই ম্যাচে জিতলে তো সরাসরি ফাইনাল। হারলেও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে ওঠার। এই ম্যাচের ফলাফল যেটিই হোক, দলের পরের ম্যাচে উইলিয়ামসনকে দেখা যেতে পারে, সোমবার সংবাদ সম্মেলনে জানিয়ে রাখলেন নিশাম।
“আমাদের কথা হয় নিয়মিতই। অনেক বছরই একসঙ্গে কাটিয়েছি আমরা। এই টুর্নামেন্টের শেষ দিকে ওর এখানে আসা নিয়েও গত কয়েক দিনে কথা হয়েছে আমাদের। এই মুহূর্তে সে এসএ টোয়েন্টিতে সম্পৃক্ত এবং কিছু ফলাফল আমাদের পক্ষে আসতে হবে তেমন কিছু ঘটাতে হলে (উইলিয়ামসনকে বিপিএলে আসার জন্য)।”
“আশা করি, ভাগ্য ভালো হলে, ওকে বাংলাদেশে আনতে পারব আমরা। আমার ধারণা, অনেক দিন হয়ে গেল, সে এখানে আসে না।”
এসএ টোয়েন্টিতে প্রাথমিক পর্বে উইলিয়ামসনের দলের ১০ ম্যাচ শেষ। ১৯ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার চারে আছে তারা। তবে তাদেরকে টপকে প্লে-অফে খেলার সুযোগ আছে জোবার্গ সুপার কিংস দলের। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে সোমবার পার্ল রয়্যালসকে হারাতে পারলেই সুপার জায়ান্টসকে টপকে প্লে-অফে পৌঁছে যাবে সুপার কিংস। দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় তখন উইলিয়ামসন উড়াল দেবেন বাংলাদেশের পথে।
সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। সুপার কিংস হেরে গেলে সুপার জায়ান্টস খেলবে এলিমিনেটর ম্যাচে, যেটি হবে বিপিএল ফাইনালের আগের দিন।
নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর এখন জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি ব্যস্ত উইলিয়ামসন। তবে বিশ্বের নানা দেশে খেললেও বিপিএলে পা পড়েনি তার।
উইলিয়ামসনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও নিশামকে নিয়ে নিশ্চিত হয়েই গেছে রাজশাহী। ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের সিরিজে খেলতে বিপিএল ছেড়ে চলে যাওয়ার কথা ছিল এই অলরাউন্ডারের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বুধবার। তবে রাজশাহীর কোচ হান্নান সরকার সোমবার সামাজিক মাধ্যমে জানান, রাজশাহী ফাইনাল খেললে সেই ম্যাচও খেলেই তবে জাতীয় দলে যোগ দেবেন নিশাম।
“জাতীয় দলের খেলা থাকলেও নিশাম রাজশাহী ওয়ারিয়র্সের সাথে থাকছে বিপিএলের শেষ পর্যন্ত। নিশামকে যখন অনুরোধ করলাম কোনোভাবে থাকা যায় কি না, সে নিজেও আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সে আগ্রহ দেখালেই তো শুধু হবে না, দিনশেষে জাতীয় দলের খেলা, তাকে যেতেই হতো। আমাদের দলে নিশামের মতো একজনকে ওই পজিশনে খুব দরকার, তা সবাই জানতাম। তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল, আমরা করেছি।”
“বাকি যত প্রক্রিয়া, সব নিশাম নিজে করেছে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ, এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবই। রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে।”