২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোহলির আমাদেরকে দরকার নেই, আমাদের তাকে প্রয়োজন’

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহর মতে, নিজের খেলাটা খুব ভালো বোঝেন কোহলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 07:09 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

অস্ট্রেলিয়া সফরের আগে ভিরাট কোহলির ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। পার্থে প্রথম ইনিংসে তার ব্যর্থতায় তা উচ্চকিত হয় আরও। তবে, দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরিতে ব্যাট দিয়েই এসবের জবাব দেন ভারতীয় ব্যাটিং গ্রেট। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অভিজ্ঞ সতীর্থকে তাই ম্যাচ শেষে স্তুতির জোয়ারে ভাসাতে ভোলেননি জাসপ্রিত বুমরাহ।

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের মতে, নিজের খেলাটা খুব ভালো বোঝেন কোহলি। তার মতো একজনকে দলের সবসময় প্রয়োজন বলে মনে করেন অভিজ্ঞ পেসার বুমরাহ।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর কাটিয়ে দিয়েছেন কোহলি। একশর বেশি টেস্ট খেলে রান করে ফেলেছেন ৯ হাজারের বেশি। পার্থের সেঞ্চুরিটি এই সংস্করণে তার ৩০তম। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার শতকের সংখ্যা ৮১।

অস্ট্রেলিয়া সফর শুরুর আগে ব্যাট হাতে কোহলির সময় যদিও একদমই ভালো কাটছিল না। ১৬ মাস ধরে টেস্টে পাচ্ছিলেন না সেঞ্চুরির দেখা। ঘরের মাঠে নিউ জিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে আগের দুই টেস্ট সিরিজে তো একেবারেই নিষ্প্রভ ছিলেন তিনি। পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় ছিল স্রেফ ২১.৩৩। কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া সিরিজে ৬ ইনিংস মিলিয়ে করতে পারেন কেবল ৯৩ রান।

তাই বেশ সমালোচিতও হচ্ছিলেন অসংখ্য রেকর্ড, কীর্তি গড়া কোহলি। তবে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচেই সব আলোচনা বন্ধ করে দিলেন তিনি সেঞ্চুরি করে। দলও পেল ২৯৫ রানের বিশাল জয়।

নিয়মিত অধিনায়ক রোহিত শার্মার অনুস্পস্থিতিতে এই ম্যাচ ভারতকে নেতৃত্ব দেওয়া বুমরাহ সংবাদ সম্মেলনে বললেন, কোহলির সামর্থ্যে সবসময়ই আস্থা ছিল তার।

“আমি আগেও বলেছি, ভিরাট কোহলির আমাদেরকে দরকার নেই, তাকে আমাদের প্রয়োজন। তিনি অভিজ্ঞ খেলোয়াড়। অস্ট্রেলিয়ায় এটি তার চতুর্থ বা পঞ্চম সফর। তাই নিজের খেলাটা তিনি অন্যদের চেয়ে ভালো বোঝেন।”

“মানসিকভাবে তিনি সতেজ ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে মাঝে মধ্যে অনেক কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে হয় এবং তিনিও লম্বা একটা সময় ধরে কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করে আসছেন, তবে প্রতিটি ম্যাচে সবসময় পারফর্ম করা কঠিন।”

পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০তে এগিয়ে গেছে ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে গোলাপী বলে। অ্যাডিলেইডে দিবা-রাত্রির লড়াইটি শুরু আগামী ৬ ডিসেম্বর।