রোহিতের অনন্য কীর্তি, কোহলির নতুন দুই রেকর্ড
আরেকটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত, দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার গড়লেন দারুণ রেকর্ড-কীর্তি।
ম্যাচের শুরুটা রোহিত শার্মার জন্য হয়েছিল হতাশার এক রেকর্ডের তালিকায় দুই নম্বরে উঠে। ম্যাচ শেষ হতেই তিনি গড়লেন গৌরবময় এক কীর্তি, যে অর্জন ক্রিকেট ইতিহাসে আর কারও নেই। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় আরও দুটি রেকর্ড নিজের করে নিলেন ভিরাট কোহলি।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির ছেলেদের চার টুর্নামেন্টের সবগুলোর ফাইনালে উঠলেন রোহিত। তার নেতৃত্বে এর আগে ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে ভারত। টি-টোয়েন্টিতে তারা জেতে শিরোপা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তিনবার ও সব মিলিয়ে ৯ আসরের মধ্যে পাঁচবারই ফাইনালে উঠল ভারত। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার ফাইনালে উঠতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
দুবাইয়ে মঙ্গলবারের ম্যাচে রান তাড়ায় ৯৮ বলে ৮৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি।
আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড এখন এককভাবে কোহলির। তার ২৪টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস হলো ৫৩ ইনিংসে। ৫৮ ইনিংসে ২৩টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস নিয়ে দুইয়ে নেমে গেলেন আরেক কিংবদন্তি সাচিন টেন্ডুলকার।
এই ২৪টির মধ্যে কোহলির সেঞ্চুরি ৬টি, ফিফটি ১৮টি। টেন্ডুলকারের ২৩টির মধ্যে সেঞ্চুরি ৭টি, ফিফটি ১৬টি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির পঞ্চাশ ছোঁয়া ইনিংস হলো ৭টি, এটিও নতুন রেকর্ড। তিনি ছাড়িয়ে গেলেন ভারতেরই সাবেক তিন ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও শিখার ধাওয়ানকে; তিন জনেরই ৬টি করে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে তিনটি সেমি-ফাইনালে খেলে প্রতিটিতে পঞ্চাশ ছাড়ালেন কোহলি, সবগুলোই রান তাড়ায়। ২০১৩ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৫৮ ও ২০১৭ আসরে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
এবারের ইনিংসের পথে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে রান তাড়ায় আট হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন কোহলি। এখানে প্রথমজন টেন্ডুলকার।
রান তাড়ায় ২৩২ ইনিংসে টেন্ডুলকার করেন ৮ হাজার ৭২০ রান। কোহলির ৮ হাজার ৬৩ রান হয়ে গেল স্রেফ ১৫৯ ইনিংসে।
১৫১ ইনিংসে ৬ হাজার ১১৫ রান নিয়ে তালিকায় তিন নম্বরে আছেন রোহিত। অস্ট্রেলিয়ায় বিপক্ষে এদিন তিনি করেন ২৯ বলে ২৮ রান।
এদিন দুটি ক্যাচ নিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডের (কিপারদের বাইরে) তালিকায় অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে ছাড়িয়ে দুইয়ে ওঠেন কোহলি। ২৯৮ ইনিংসে কোহলির ক্যাচ হলো ১৬১টি। ৩৭২ ইনিংসে ১৬০ ক্যাচ নিয়ে তিনে নেমে গেলেন পন্টিং। ৪৪৩ ইনিংসে ২১৮ ক্যাচ নিয়ে চূড়ায় আছেন শ্রীলঙ্কার মাহেলা জায়াওয়ার্দেনে।
এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে টানা ১১ ম্যাচে টস হারেন রোহিত। অধিনায়ক হিসেবে তার চেয়ে বেশি টানা টস হেরেছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১২)। রোহিতের সমান টানা ১১ ম্যাচে টস হেরেছেন নেদারল্যান্ডসের পিটার বোরেন।
দল হিসেবে টানা সবচেয়ে বেশি টস হারের বিশ্ব রেকর্ডটা ভারত নিয়ে গেছে ১৪ ম্যাচে। তবে ফাইনালে ওঠার পর এসব কে মনে রাখে!
