Published : 28 Sep 2025, 05:40 PM
লিটন কুমার দাসের মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে আরও। এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে বাইরে থাকার পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না বাংলাদেশের অধিনায়ক। তার বদলে এই সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন জাকের আলি।
লিটনের জায়গায় স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। এশিয়া কাপের দল থেকে আফগানদের বিপক্ষে পরিবর্তন এই একটিই।
সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারেননি লিটন। সেটিই তাকে বাইরে রাখছে আরও একটি সিরিজে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। সেই সিরিজে লিটন খেলতে পারবেন কি না, তা জানা যাবে পরে।
দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআরআই স্ক্যান করিয়ে লিটনের অ্যাবডমিনাল পেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার পুনবার্সন চলবে ও তার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
লিটনের জায়গায় ওই দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন জাকের।
দলে ফেরা সৌম্য সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন গত ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ সফরে। ৩২ বছর বয়সী ক্রিকেটার দেশের হয়ে খেলেছেন ৮৭ টি-টোয়েন্টি। সবশেষ ৩০ ইনিংসে তার ফিফটি নেই।
চলতি জাতীয় লিগ টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে শুক্রবার ৩৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। দল ঘোষণার আগে রোববার করেন ৩৩ বলে ৪৫।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ম্যাচ তিনটি হবে শারজাহতে আগামী বৃহস্পতি, শুক্র ও রোববার।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম আহমেদ সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, সৌম্য সরকার।