Published : 12 May 2026, 03:57 PM
আন্তর্জাতিক ক্রিকেটকে শাবনিম ইসমাইলের বিদায় বলার পর, কেটে গেছে তিন বছরের বেশি সময়। তার সেই ক্যারিয়ার এখন পুনর্জীবন পাওয়ার পথে। অবসর ভেঙে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারও দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং গ্রেট।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে ৩৭ বছর বয়সী ইসমাইলকে রেখেছে দক্ষিণ আফ্রিকা। গত বছর অবসর থেকে ফেরার পর, ৯টি টি-টোয়েন্টি খেলা সাবেক অধিনায়ক ড্যান ফন নিকার্কও আছেন দলে।
লরা উলভার্টের নেতৃত্বাধীন দলে আছেন তাজমিন ব্রিটস, সুনে লিস, ক্লোয়ি ট্রায়ন ও আয়াবঙ্গা খাকা। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন বিস্ফোরক ব্যাটার ও সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক কায়লা রেনেকে।
২০২৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইসমাইল। মাঝে অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন তিনি। ২০২৫ সালের মুম্বাই ইন্ডিয়ান্সের উইমেন’স প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন তিনি। খেলেন উইমেন’স বিগ ব্যাশ, উইমেন’স সিপিএল ও উইমেন’স হান্ড্রেডে।
অবসরের পর ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইসমাইল।
মেয়েদের ক্রিকেটে সাদা বলের দুই সংস্করণেই দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার ইসমাইল। ওয়ানডেতে ১২৭ ম্যাচে ১৯১ শিকার ধরেছেন তিনি। আর টি-টোয়েন্টিতে ১১৩ ম্যাচে তার উইকেট ১২৩টি। এই সংস্করণে একশ উইকেটও নেই দেশটির আর কারো।
আগামী ১২ জুন ইংল্যান্ডে পর্দা উঠবে এবারের উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের। পরদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা।