১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভারত ১২ পাকিস্তান ০

ছেলেদের পথ অনুসরণ করে মেয়েদের ম্যাচেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না ভারতীয়রা, মাঠের লড়াইও হলো একতরফা।

ভারত ১২ পাকিস্তান ০
প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত করল ভারত। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

এশিয়া কাপে ছেলেদের ক্রিকেটের পুনরাবৃত্তি হলো বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মেয়েদের লড়াইয়েও। টসের সময় ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর হাত মেলালেন না পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে। ম্যাচ শেষেও হলো না দুই দলের করমর্দন। এর মাঝে মাঠের লড়াইও হলো একতরফা।

উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে লড়াই জমেনি একটুও। কলম্বোয় রোববার পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত। 

এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে একক আধিপত্য ধরে রেখে ১২ ম্যাচের সবকটি জিতল ভারতের মেয়েরা। এর পাঁচটি বিশ্বকাপে।

আসরে প্রথম দুই ম্যাচেই হারল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে হেরে শুরু হয়েছিল তাদের অভিযান। শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা ভারত পেল টানা দ্বিতীয় জয়।  

আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত শেষ বলে অলআউট হয় ২৪৭ রানে।

সর্বোচ্চ ৪৬ রান করেন হারলিন দেওল। ৩ চার ও ২ ছক্কায় ২০ বলে ৩৫ রানের ক্যামিওতে দলকে আড়াইশর কাছে নিয়ে যান রিচা ঘোষ।

জবাবে ১৫৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অর্ধের বেশি রান একাই করেন সিদরা আমিন। ১০৬ বলে তিনি করেন ৮১ রান। বাকি ব্যাটাররা মিলে করতে পারেন স্রেফ ৭০। অতিরিক্ত থেকে আসে ৮ রান। 

নিয়ন্ত্রিত বোলিং করেন ভারতের সবাই। ১০ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন পেসার ক্রান্তি গৌড়।

দীপ্তি শার্মাও ৩ উইকেট শিকার করেন, ৪৫ রান দিয়ে। ৩৮ রানে ২ উইকেট নেন স্নেহ রানা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৪৭ (প্রাতিকা ৩১, মান্ধানা ২৩, হারলিন ৪৬, হারমানপ্রিত ১৯, জেমিমাহ ৩২, দীপ্তি ২৫, স্নেহ ২০, রিচা ৩৫*, চারানি ১, ক্রান্তি ৮, রেনুকা ০; সাদিয়া ১০-০-৪৭-২, ডায়ানা ১০-১-৬৯-৪, ফাতিমা ১০-০-৩৮-২, রামিন ১০-০-৩৯-১, নাশরা ১০-০-৫২-১)

পাকিস্তান: ৪৩ ওভারে ১৫৯ (মুনিবা ২, সাদাফ ৬, সিদরা আমিন ৮১, রিয়াজ ২, নাতালিয়া ৩৩, ফাতিমা ২, সিদরা নাওয়াজ ১৪, রামিন ০, ডায়ানা ৯, নাশরা ২*, সাদিয়া ০; রেনুকা ১০-১-২৯-০, ক্রান্তি ১০-৩-২০-৩, স্নেহ ৯-০-৩৮-২, চারানি ৬-১-২৬-০, দীপ্তি ৯-০-৪৫-৩)

ফল: ভারত ৮৮ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: ক্রান্তি গৌড়