২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে দ্বিতীয় টেস্টেও উইলিয়ামসনকে পাচ্ছে না নিউ জিল্যান্ড

তৃতীয় টেস্টে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে পাওয়ার আশায় আছেন নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 06:50 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

কুঁচকির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি কেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে পাবে না নিউ জিল্যান্ড।

গত মাসে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশড হওয়া টেস্ট সিরিজে কুঁচকিতে টান লাগে উইলিয়ামসনের। দলের সঙ্গে ভারতে যেতে পারেননি তিনি।

নিউ জিল্যান্ড ক্রিকেট মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশেই পুনর্বাসন চালিয়ে যাবেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। তৃতীয় টেস্টে তাকে পাওয়ার আশায় আছেন নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টেড।

“আমরা কেইনকে (উইলিয়ামসন) পর্যবেক্ষণ করছি এবং সে সঠিক পথেই আছে, তবে এখনও শতভাগ ফিট নয়। আগামী কয়েক দিনে তার আরও উন্নতির এবং তৃতীয় টেস্টে তাকে পাওয়ার আশায় আছি আমরা। নিজেকে প্রস্তুত করার জন্য যতটা সম্ভব সময় তাকে আমরা দেব এবং অবশ্যই আমরা সতর্ক থাকব।”

শ্রীলঙ্কায় হতাশাজনক সিরিজ কাটানোর পর উইলিয়ামসনকে ছাড়াই বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়ে দেয় নিউ জিল্যান্ড। ১৯৮৮ সালের পর ভারতের মাটিতে কিউইদের প্রথম টেস্ট জয় এটি। উইলিয়ামসনের জায়গায় তিন নম্বরে উইল ইয়াং দুই ইনিংসে করেন ৩৩ ও অপরাজিত ৪৮ রান। 

প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন রাচিন রাভিন্দ্রা। ম্যাচে ম্যাট হেনরি নেন ৮ উইকেট, আরেক পেসার উইল ও’রোকের শিকার ৭টি। 

আগামী বৃহস্পতিবার পুনেতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট মুম্বাইয়ে শুরু ১ নভেম্বর।