সাকিবের কীর্তি ছোঁয়ার পর যা বললেন তাইজুল
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড যৌথভাবে এখন এই দুজনের।
গত কয়েক মাসে তাইজুল ইসলাম যখনই ভালো পারফর্ম করেছেন, ঘুরেফিরে চলে এসেছে আরেকটি নাম। নানা কীর্তিতে তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন সাকিব আল হাসানকে। তেমনি উঠে এসেছে অতীতও, যখন নিয়মিত সুযোগ পাননি তাইজুল, বিশেষ করে দেশের বাইরের টেস্টে। তার কিছু মন্তব্য বিতর্কও ছড়িয়েছে নানা সময়ে। তবে টেস্ট ক্রিকেটে দেশের সর্বোচ্চ উইকেটের রেকর্ডে সাকিবকে ছোঁয়ার দিনে তার প্রতি সবটুকু কৃতজ্ঞতাই জানালেন এই বাঁহাতি স্পিনার।
সাকিবের চেয়ে চার উইকেট পেছনে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট শুরু করেছিলেন তাইজুল। আইরিশদের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে শুক্রবার তিনি নাম লেখান সাকিবের পাশে। দুজনেরই উইকেট এখন ২৪৬টি।
সাকবকে ছুঁতে তার চেয়ে ২০ ইনিংস কম লেগেছে তাইজুলের। বোলিং গড় ও স্ট্রাইক রেটেও আপাতত এগিয়ে তাইজুলই। তবে সাকিব তো স্রেফ বোলার নন, ব্যাট হাতেও রান করেছেন সাড়ে চার হাজারের বেশি। দেশের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি অবিসংবাদিতভাবেই।
সাকিবকে ছোঁয়ার দিনে তার প্রতি ঋণের কথাই বললেন তাইজুল।
“আপনি যখন জাতীয় দলে খেলবেন, তখন সবসময় পারফর্ম করতে হবে। এটা হচ্ছে পারফরম্যান্সের জায়গা। সাকিব ভাই যতদিন ছিলেন, বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন। উনার অভিজ্ঞতা ছিল, উনি অনেকদিন বিশ্বের এক নম্বর পজিশনে ছিলেন। একটা মানুষ তো এক নম্বর পজিশন এমনি এমনি পেতে পারে না। অবশ্যই উনার মধ্যে ওরকম কিছু ছিল, ওরকম মান ছিল।”
“আমরা চেষ্টা করেছি ওই জিনিসগুলো নেওয়ার জন্য। আমাদেরকে উনি সবসময় পরামর্শও দিতেন, উনার অভিজ্ঞতা থেকে আলোচনা করেছেন যে আমরা কীভাবে এগোতে পারি।”
সময়ের পথ ধরে অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে তাইজুলও এখন দলের সিনিয়র ক্রিকেটারদের একজন। তিনিও চেষ্টা করেন উত্তরসূরীদের পরামর্শ দিতে বা প্রেরণা জোগাতে।
“তাইজুল তো তাইজুলের জায়গাতেই আছে। এই প্রশ্নগুলো আমার কাছে বারবার আসে কী জন্য, এটা আমিও জানি না। আমি যদি নিজকেন্দ্রীক কথা বলি, সেটাও হবে না। আপনি যখন একটা সিনিয়র ক্রিকেটার হবেন, তখন দলকে দেওয়ার জন্য অনেক কিছুই থাকে। সেটা জুনিয়রদেরকে উজ্জীবিত করা হোক বা সিনিয়রদের অভিজ্ঞতা নিয়ে কথা বলা হোক। আসলে এটায় জুনিয়রদের বা উঠতি ক্রিকেটারদের অনেক সহায়তা হয়।”
তাইজুলের মতে, অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মধ্যে সম্পর্কের এই রসায়ন দলকে আরও একতাবদ্ধ করে তোলে।
“আমার কাছে মনে হয়, সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা এই জিনিসটা পেয়েছি যে, আমরা যারা জুনিয়র ছিলাম, তারা অনেক ধরনের অভিজ্ঞতা পেয়েছি তাদের কাছ থেকে। সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, যারাই ছিলেন আর কী।”
“আসলে একটা দল তখনই আপনার থিতু হবে, যখন সবার সাথে সবার বন্ধন ভালো থাকবে। আমার কাছে মনে হয়, যারা সিনিয়র ছিল, তারা এই কাজটা করেছেন। তাইজুল আসলে একটা নাম তখনই উঠে আসবে, যখন পারফরম্যান্স হবে। আমার কাছে মনে হয়, মূল বিষয়টা ওটাই যে, আমি পারফরম্যান্স করছি, যে জন্য চালিয়ে যাচ্ছি। যখন পারফরম্যান্স করব না, আমার নামটাও আসবে না বা আমি হয়তো চালিয়ে যেতে পারব না।”
