২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট পরিচালনা বিভাগে নেই কেউ, তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে

ক্রিকেট পরিচালনা বিভাগ, মিডিয়া বিভাগসহ কয়েকটি বিভাগ আপাতত ফাঁকা রেখেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 10:20 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

বিসিবির বিভিন্ন বিভাগগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগ। তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটিতে এই বিভাগের দায়িত্ব আপাতত দেওয়া হয়নি কাউকেই। মিডিয়া বিভাগও রাখা হয়েছে ফাঁকা। সেগুলোর দায়িত্ব সামনেই দেওয়া হবে বলে জানালেন বিসিবি প্রধান। তিনি নিজে থাকছেন ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্বে।

জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে দায়িত্ব পাওয়ার দিনই মঙ্গল প্রথম বোর্ড সভা হয় এই অ্যাডহক কমিটির। তবে সেটি ছিল মূলত সৌজন্যমূলক। পরদিনই দ্বিতীয় বোর্ড সভায় বিভিন্ন কমিটির প্রধানদের নাম চূড়ান্ত করা হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে দায়িত্বপ্রাপ্তদের নাম শোনান তামিম। ক্রিকেট পরিচালনা বিভাগ ফাঁকা রাখার কারণ ব্যাখ্যার পাশাপাশি এই বিভাগের কার্যক্রম কীভাবে চলবে, সেটিও জানান বোর্ড প্রধান।

“প্রত্যেকটা কমিটির (প্রধান) দেওয়া নেই, কিছু কিছু কমিটি আমরা হয়তো সামনে দেব। একটা কমিটি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ক্রিকেট অপারেশন্স… যেহেতু আমরা এখানে এসেছি, নির্বাচনটাকে যত সুন্দরভাবে তাড়াতাড়ি করার জন্য, তিন মাস খুবই কম সময় আমাদের হাতে…আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্রিকেট অপারেশন্সে যারা কাজ করে, তারা খুব প্রফেশনালি সুন্দরভাবে কাজ করছে।”

“এই একটা জায়গা এত সেনসিটিভ যে, ধরুন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যদি আমি আমার ইনপুট দিই, তো সেখানে ডিস্টার্বেন্স হওয়ার চান্স থাকে। কাজেই আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, ক্রিকেট অপারেশন্সে আমরা কাউকে এখন নিয়োগ দেব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে সিদ্ধান্ত নেব।”

ক্রিকেট পরিচালনা ও মিডিয়া কমিটি ছাড়াও মেডিকেল কমিটি, অডিট কমিটি, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার্স কমিটি, হাই পারফরম্যান্স ও বাংলাদেশ টাইগার্স কমিটির প্রধান নিয়োগ দেওয়া হয়নি কাউকে। 

কে কোন কমিটির দায়িত্বে: 

তামিম ইকবাল- ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ

ফাহিম সিনহা- গেম ডেভেলপমেন্ট কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল

রফিকুল ইসলাম বাবু- গ্রাউন্ডস কমিটি

তানজিল চৌধুরী –বয়সভিত্তিক ক্রিকেট কমিটি

মির্জা সালমান ইস্পাহানী- মার্কেটিং কমিটি এবং শৃঙ্খলা বিষয়ক কমিটি

রাশনা ইমাম- নারী বিভাগ, মেডিকেল কমিটি এবং কমপ্লেইন্টস কমিটি

ইসরাফিল খসরু- অর্থ কমিটি এবং ওয়েলফেয়ার্স কমিটি

সাঈদ ইব্রাহিম আহমেদ- নিরাপত্তা কমিটি এবং টেন্ডার ও পারচেজ কমিটি

মিনহাজুল আবেদীন নান্নু- টুর্নামেন্ট কমিটি

মির্জা ইয়াসির আব্বাস- লজিস্টিকস কমিটি

আতহার আলী খান- আম্পায়ার্স কমিটি