২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাবির কণ্ঠে ম্যাচ-সেরা মুস্তাফিজের স্তুতি

দুবাই ক্যাপিটালসের অধিনায়ক বলেছেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বোলিং করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 10:03 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

আইএলটি-টোয়েন্টিতে দারুণ বোলিং করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সবশেষ লড়াইয়ে চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছেন তিনি। ধারাবাহিকভাবে আলো ছড়ানো বাঁহাতি এই পেসারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তার দল দুবাই ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মাদ নাবি।

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে এখন পর্যন্ত খেলা সব ম্যাচেই উইকেট পেয়েছেন মুস্তাফিজ। আবু ধাবিতে রোববার গাল্ফ জায়ান্টসের বিপক্ষে ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। 

মুস্তাফিজের কোটার শেষ ওভারে আবার হয়েছে রানআউটের হ্যাটট্রিক। সব মিলিয়ে, তার দ্যুতি ছড়ানোর দিনে গাল্‌ফ জায়ান্টস্কে ১৫৬ রানে গুটিয়ে দিয়েছে দুবাই ক্যাপিটালস। পরে ৪ বল বাকি থাকতে ৬ উইকেটের জয়ের তুলে নিয়েছে তারা।

এদিন ম্যাচের শুরুটা ভালো ছিল না মুস্তাফিজের। নিজের প্রথম ওভারে একটি করে ছক্কা-চার হজম করে ১৩ রান দেন তিনি। দ্বিতীয় ওভারের প্রথম বলে চার হজম করার পর ঘুরে দাঁড়ান দারুণভাবে। পরের চার বলের মধ্যে বিদায় করেন জেমস ভিন্স, আজমাতউল্লাহ ওমারজাই ও শন ডিকসনকে।

চমৎকার ওই ওভারের দ্বিতীয় বলে স্লোয়ার লেংথ ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন ভিন্স। মুস্তাফিজ যদিও বুঝতেই পারেননি যে, ব্যাটসম্যানের ব্যাটে লেগেছে বল! তৃতীয় বলে আসে সিঙ্গল। পরের ডেলিভারি ফের স্লোয়ার, ব্যাটে লেগে বোল্ড হন ওমারজাই। পরের বলেই দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন ডিকসন।

হ্যাটট্রিক ডেলিভারি ঠেকিয়ে দেন মার্ক অ্যাডায়ার। ৬ রান দিয়ে ৩ শিকার ধরে ওভার শেষ করেন মুস্তাফিজ। পরের ওভারে দুই চার হজম করে ১১ রান দেন তিনি।

ম্যাচ শেষে মুস্তাফিজকে স্তুতির জোয়ারে ভাসান নাবি। সঙ্গে দলের প্রশংসাও করেন তিনি।

“এটা পুরোপুরিই দলীয় প্রচেষ্টা। তারা ব্যাটিংয়ে ভালো করে কিন্তু টার্নিং পয়েন্ট ছিল ফিজের (মুস্তাফিজ) ওভারটি, যে ওভারে আমরা তিন উইকেট নিতে পারি। হায়দার আলি ভালো বোলিং করেছে, তবে ফিজ ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।”

আইএলটি-টোয়েন্টিতে নিজের অভিষেক আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ওভারপ্রতি দিয়েছেন ৮.২৯ করে রান। আসরে আপাতত তার চেয়ে বেশি উইকেট আছে কেবল তার সতীর্থ ওয়াকার সালামখিলের, ১৫টি।

মুস্তাফিজের বোলিংয়ের শক্তির জায়গা তার স্লোয়ার ডেলিভারি। আইএলটি-টোয়েন্টিতেও বেশিরভাগ উইকেটই পেয়েছেন তিনি স্লোয়ারে। গাল্‌ফকে হারানোর পথে বড় অবদান রাখার পর সেটাই বললেন তিনি ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে।

“স্লোয়ার বল আমার সহজাত। আমি প্রথম থেকেই ওটা (পারি)। আমার বিশ্বাস আছে যে, ওটাতেই আমি সফল হব।”

“দলের প্রয়োজনে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।”