বিইউবিটিতে আলোক হেলথকেয়ারের বিনামূল্যে চিকিৎসা সেবা
অনুষ্ঠানে বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তে গ্লুকোজ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত ‘ম্যাথ জ্যাম্বোরি ২০২৬’ এ শিক্ষার্থী ও দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর বিইউবিটি ক্যাম্পাসে ওই অনুষ্ঠানে বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তে গ্লুকোজ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোক হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্উদ্দীনের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও বিপণন বিভাগের কর্মকর্তারা দর্শনার্থীদের আধুনিক ডায়াগনস্টিক ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন। ছোট পুস্তিকার মাধ্যমে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা সম্পর্কে জানার সুযোগ পান দর্শনার্থীরা।
পাশাপাশি অনলাইন কুইজে অংশ নেওয়া ৭০ জনের বেশি শিক্ষার্থীর মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচজন বিজয়ীকে পুরস্কৃত করে আলোক কর্তৃপক্ষ।
