‘স্যাটেলাইট-টু-মোবাইল’ সেবা চালু করল বাংলালিংক
জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ বা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে প্রচলিত নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হলে স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে যোগাযোগ রাখতে পারবেন গ্রাহকরা, বলছে বাংলালিংক।
স্টারলিংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে বাংলালিংক।
‘দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে’ বাংলাদেশে এ সেবা চালু হয়েছে বলে বুধবার বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আরও শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলা এবং প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগের প্রতিশ্রুতির ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো বাংলালিংক। জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ বা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে প্রচলিত নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হলে স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে যোগাযোগ রাখতে পারবেন গ্রাহকরা।”
বাংলালিংক বলছে, জেলে, সাগরে কাজ করা মানুষ, দুর্গম ও উপকূলীয় এলাকার বাসিন্দা এবং পর্যটকদের জন্য এ সেবা কাজে আসবে। বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) অন্তর্ভুক্ত গভীর সমুদ্র এলাকাতেও এ সেবার মাধ্যমে সংযোগ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ সেবা চালুর প্রথম মাসে যেকোনো বাংলালিংক ইন্টারনেট বা মিক্সড বান্ডল প্যাক কিনলে বাড়তি খরচ ছাড়াই স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। দ্বিতীয় মাস থেকে নির্ধারিত কিছু মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডল প্যাকের সঙ্গেও কোনো বাড়তি খরচ ছাড়াই এ সুবিধা পাওয়া যাবে।”
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, “স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে এবং আরও বেশি এলাকায় সংযোগ পৌঁছে দিতে চাই আমরা। দূরত্ব যেন যোগাযোগের পথে বাধা না হয়।
“প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব সুবিধা তৈরি করাই ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য।”
