২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘মাদারবোর্ড রপ্তানি করছে’ ওয়ালটন

“প্রাথমিকভাবে সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের অনুকূলে প্রায় আড়াই হাজার মাদারবোর্ড রপ্তানি হচ্ছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 04:46 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে মাদারবোর্ড (পিসিবি ও পিসিবিএ) রপ্তানির কথা জানিয়েছে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী কোম্পানি—ওয়ালটন। 

এর মধ্য দিয়ে বাংলাদেশের হাই-টেক পণ্য উৎপাদন খাতে নতুন মাইলফলক অর্জিত হল বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটনের তৈরি এসব মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের তৈরি গানশট শনাক্তকরণ এবং জরুরি উদ্ধারকাজ পরিচালনা ব্যবস্থার সিকিউরিটি ডিভাইসে ব্যবহার করা হবে। 

ওয়ালটন বলছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের উইসকনসিন প্রদেশে অবস্থিত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের অনুকূলে প্রায় আড়াই হাজার মাদারবোর্ড রপ্তানি হচ্ছে, যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। 

সোমবার রাতে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে বাজারে আসা ওয়ালটনের দুই মডেলের পরিবেশবান্ধব তাকিওন ইলেকট্রিক বাইক বা ই-বাইকও উন্মোচন করেন অতিথিরা।

আধুনিক ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং মাত্র ১০-১৫ পয়সা খরচে প্রতি কিলোমিটারে চলার সুবিধাযুক্ত ওয়ালটনের নতুন এই ই-বাইকগুলো নগর ও গ্রামীণ জীবনের স্মার্ট ও পরিবেশবান্ধব যাতায়াত সঙ্গী হয়ে উঠবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি এবং রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল। 

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট পল এল একারট।