Published : 29 Nov 2025, 02:19 PM
তরুণ উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল ‘ঐতিহ্যের হাট ২০২৫’।
রোববার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপি এ আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সপ্তাহর অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগ। এ আয়োজনে গ্রাম-বাংলার পণ্য, হ্যান্ডিক্রাফট, আঞ্চলিক খাবার ও লোকজ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের ব্র্যান্ডিং প্রজেক্ট ও স্টার্টআপ আইডিয়াগুলো তুলে ধরা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তা করে আসছে। ঐতিহ্যের হাট স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনাকে তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা তরুণদের উদ্যোক্তা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাদের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস জাকিরুল ইসলাম, হেড অব এসএমই বিজনেস সাপোর্ট মো. মহসিনুর রহমান।