২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পিন নম্বর ছাড়াই বিকাশে মোবাইল রিচার্জ

গ্রাহকরা ‘এক ট্যাপে’ এক হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 08:48 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

বিকাশ অ্যাপ থেকে এখন ‘এক ট্যাপে’ নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে রিচার্জ করা যাচ্ছে। এর জন্য পিন বা বায়োমেট্রিক ভেরিফিকেশনের প্রয়োজন পড়ছে না।

গ্রাহকরা ‘এক ট্যাপে’ এক হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারছেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মোবাইল রিচার্জ সেবাকে আরও বেশি গ্রাহকবান্ধব করতে নতুন এ পদ্ধতি। সকল মোবাইল অপারেটরে রিচার্জের ক্ষেত্রে গ্রাহকরা ‘এক ট্যাপ’ সেবা নিতে পারছেন। ডিজিটাল লেনদেনে গ্রাহকের অভ্যস্ততা ও আস্থাবাড়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য আরও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এ ধরনের সেবা যুক্ত হচ্ছে বিকাশে।”

যেভাবে করা যাবে রিচার্জ

‘এক ট্যাপ’ মোবাইল রিচার্জ চালু করতে প্রথমবার সেবা চালুর 'সম্মতি' দিতে হবে। মোবাইল রিচার্জ আইকনে ক্লিক করলে গ্রাহক নম্বরের তালিকা দেখা যাবে।

সেখান থেকে নিজের নম্বর নির্বাচন করলে ‘এক ট্যাপ’ মোবাইল রিচার্জ চালুর জন্য সম্মতি চাইবে। সম্মতি দিয়ে এগিয়ে গেলেই পিন ছাড়া ‘এক ট্যাপ’ রিচার্জ পদ্ধতি চালু হয়ে যাবে। এরপর প্রতিবার কেবল নম্বর সিলেক্ট করে, টাকার পরিমাণ লিখে ট্যাপ করলেই রিচার্জ হয়ে যাবে।

প্যাক বা অফার রিচার্জ করতে চাইলে নম্বর ট্যাপ করে পরের স্ক্রিনে ইন্টারনেট, মিনিট, বান্ডেল ইত্যাদি অফার ট্যাব থেকে পছন্দসই প্যাক নির্বাচন করতে হবে। পরের ধাপে একই পদ্ধতিতে ‘একট্যাপে’ রিচার্জ করা যাবে। কোনো কুপন থাকলে তাও এ রিচার্জ পদ্ধতিতে ব্যবহার করা যাবে।

এই মোবাইল রিচার্জ পদ্ধতি বাতিল করে আবার আগের অবস্থায় ফেরত যেতে চাইলে বিকাশ হোম স্ক্রিনের প্রোফাইল অপশনে যেতে হবে। সেখান থেকে ‘এক ট্যাপ’ লেনদেন সিলেক্ট করে বন্ধ করে দিতে হবে। গ্রাহকরা সেবাটি ফের চাইলে চালু করতে পারবেন।