ক্যাডেট কলেজে ভর্তির আবেদনে নগদে ‘চার্জ ফ্রি’ সুবিধা
নগদ ব্যবহারকারীদের ফি প্রদানে কোনো সার্ভিস চার্জ বা ট্রানজেকশন ফি দিতে হবে না।
দেশে ক্যাডেট কলেজগুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমে বাড়তি খরচ ছাড়াই ফি পরিশোধ করতে পারছেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, চার্জবিহীন পেমেন্ট সুবিধার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি প্রক্রিয়া আরও সাশ্রয়ী হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারী বা অভিভাবকরা ক্যাডেট কলেজের ওয়েবসাইট https://cadetcollege.army.mil.bd/ অথবা https://cadetcollegeadmission.army.mil.bd/ এ গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে পারবেন। ‘Apply Now/Sign Up’ এ ক্লিক করে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ইমেইল অ্যাড্রেস ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ‘User ID’ ও ‘Password’ দিয়ে লগইন করে ‘Payment’ অপশন থেকে ‘Nagad’ নির্বাচন করে ২ হাজার টাকা আবেদন ফি সঙ্গে সঙ্গে পরিশোধ করা যাবে।
“নগদ ব্যবহারকারীদের এই ফি প্রদানে কোনো সার্ভিস চার্জ বা ট্রানজেকশন ফি দিতে হবে না। পেমেন্ট সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইলে সঙ্গে সঙ্গে একটি এসএমএস নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।”
নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, “আমরা নগদের মাধ্যমে ক্যাডেট কলেজ ভর্তি ফি প্রদান সম্পূর্ণ চার্জমুক্ত করেছি যাতে সারা দেশের যেকোন স্থান থেকে অবিভাবকরা সহজে, দ্রুত এবং সবচেয়ে কম খরচে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে।”
