২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমএফএস ‘সুরক্ষার প্রশিক্ষণ’ নিল সাড়ে ৪ হাজার পুলিশ

বিকাশ বলছে, তারা ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের তদন্ত কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা আয়োজন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 12:36 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মত সেবা আরও সুরক্ষিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দেশজুড়ে ধারাবাহিক কর্মশালা আয়োজন করে যাচ্ছে বিকাশ।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে এসব কর্মশালা হচ্ছে, যেখানে এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেছেন বলে বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

সম্প্রতি স্থানীয় একটি হোটেলে সিলেট রেঞ্জ পুলিশের সঙ্গে “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী এই কর্মশালায় ৫০ জন তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এতে সিলেট পুলিশের রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, বিকাশের উপদেষ্টা পুলিশের সাবেক অতিরিক্ত আইজি নজিবুর রহমান ও বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম উপস্থিত ছিলেন।

অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এসব কর্মশালায়।

বিকাশ বলছে, ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের তদন্ত কর্মকর্তাদেরকে নিয়ে তারা কর্মশালা করছে। গত তিন মাসে কর্মশালা হয় হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, লালমনিরহাট, সাতক্ষীরা, সুনামগঞ্জ ও সিলেট জেলায়।