Published : 31 Aug 2026, 09:24 PM
গ্রামীণফোনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সেপ্টেম্বরের প্রথম দিন মঙ্গলবার থেকে কার্যকর নতুন এই দায়িত্বে তিনি গ্রামীণফোনের প্রযুক্তি বিভাগের নেতৃত্ব দেবেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপে প্রায় ২৩ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনের। দীর্ঘ কর্মজীবনে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়ন, পরিচালন কার্যক্রম, প্রকিউরমেন্ট এবং প্রযুক্তিগত রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বে তিনি নেটওয়ার্ক উৎকর্ষতা, ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন। একইসঙ্গে তিনি বিশ্বমানের কানেক্টিভিটি ও গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করবেন বলে আশা প্রতিষ্ঠানটির।
আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যেখানে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিয়েছেন।
এর আগে তিনি চিফ প্রকিউরমেন্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানের সোর্সিং কৌশল ও প্রকিউরমেন্ট কার্যক্রম পরিচালনা করেন।
আন্তর্জাতিক কর্ম-অভিজ্ঞতার মধ্যে তিনি টেলিনর ইন্ডিয়ায় ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। গ্রামীণফোনে কর্মজীবনে তিনি হেড অব রিজিওনাল অপারেশনস, হেড অব পার্টনার ম্যানেজমেন্ট এবং হেড অব অপারেশনাল এক্সেলেন্স অ্যান্ড এফিশিয়েন্সিসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন।