২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামকে ‘স্মার্ট সিটি’ বানাতে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে গ্রামীণফোন

চুক্তির আওতায় যৌথভাবে বিভিন্ন স্মার্ট সিটি সেবার পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়ন করবে গ্রামীণফোন ও সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 10:00 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

চট্টগ্রামকে ‘স্মার্ট সিটি’তে রূপান্তর করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সঙ্গে কাজ করবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চুক্তিতে সই করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশিদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক।

চুক্তির আওতায় যৌথভাবে বিভিন্ন স্মার্ট সিটি সেবার পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়ন করবে গ্রামীণফোন ও সিটি করপোরেশন। এতে সিটি কর্পোরেশনের দক্ষতা, স্বচ্ছতা এবং নাগরিক সম্পৃক্ততা বাড়বে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা করা হয়েছে।

মেয়র শাহাদাত হোসেন বলেন, “আধুনিক প্রযুক্তির মাধ্যমে শহর সেবা উন্নত করতে, স্বচ্ছতা বৃদ্ধি করতে এবং নাগরিকদের জন্য আরও সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে এই পার্টনারশিপ। গ্রামীণফোনের সাথে দেশে স্মার্ট সিটি সল্যুশনের একটি মানদণ্ড স্থাপন করতে চাই আমরা। 

“আমাদের অগ্রাধিকার হলো নাগরিকরা যেন দ্রুততর, সহজতর এবং আরও নির্ভরযোগ্য সেবা উপভোগ করতে পারেন, যা তাদের দৈনন্দিন জীবনমানকে আরো বাড়িয়ে তুলবে।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “আমরা বিশ্বাস করি শহরগুলো যেভাবে তাদের নাগরিকদের সেবা দেয় তা বদলে দিতে পারে ডিজিটাল উদ্ভাবন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে এই সহযোগিতা একটি স্মার্ট এবং আরও সংযুক্ত চট্টগ্রাম গড়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

“সংযোগ ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এমন একটি শহর গড়ার কথা ভাবছি যেখানে নাগরিকরা আরও স্বাস্থ্যকর, সুখী ও নিরাপদ জীবনযাপন করতে পারবে। অন্যদিকে সূচনা হবে দেশে স্মার্ট সিটি অগ্রযাত্রার।”