প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় যাচ্ছে শান্তা পিনাকলে
এ বিষয়ে শান্তা হোল্ডিংস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে প্রিমিয়ার ব্যাংক।
প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বনানীর ইকবাল টাওয়ার থেকে যাচ্ছে শহরের সর্বোচ্চ টাওয়ার তেজগাঁওয়ের ৪০ তলা শান্তা পিনাকল ভবনে।
এ বিষয়ে বুধবার শান্তা হোল্ডিংস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ, শান্তা হোল্ডিংস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এম হাবিবুল বাসিত, এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম আনিসুল হক, চিফ সেলস অফিসার মোহাম্মদ শিহাব আহমেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরিফুর রহমান বলেন, “রাজধানীর সর্বাধুনিক ও সর্বোচ্চ ইমারতে প্রিমিয়ার ব্যাংকের এই স্থানান্তর ব্যাংকটির বিবর্তনে একটি অতি উল্লেখযোগ্য পদক্ষেপ যা ব্যাংকটির জন্যে একটি মাইলফলক হয়ে থাকবে।”
নতুন প্রধান কার্যালয়ে উন্নত অবকাঠামো, সম্প্রসারিত কর্মপরিসর এবং আধুনিক সুবিধা ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য আরও দ্রুত, কার্যকর ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে বলে প্রিমিয়ার ব্যাংক আশা করছে।
