‘সহজে’ রেমিটেন্স পাঠাতে নগদ-মিডল্যান্ড ব্যাংকের চুক্তি
এ চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের মাধ্যমে নগদ সরাসরি গ্রাহকের মোবাইল ওয়ালেটে অর্থ পৌঁছে দিবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।
আরও ‘দ্রুত ও সহজে’ প্রান্তিক মানুষের কাছে রেমিটেন্স পৌঁছে দিতে নিজেদের মধ্যে চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান— নগদ ও মিডল্যান্ড ব্যাংক।
বৃহস্পতিবার ঢাকার গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তিতে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় প্রবাসীদের অর্থ মিডল্যান্ড ব্যাংকের মাধ্যমে নগদ সরাসরি গ্রাহকের মোবাইল ওয়ালেটে পৌঁছে দিবে।
এই প্রক্রিয়ায় প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে অর্থ পাঠাতে পারবেন।
দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন বলেও জানানো হয়েছে।
ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “মিডল্যান্ড ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত অংশীদার নেটওয়ার্কের মাধ্যমে রেমিটেন্স সংগ্রহ করে থাকে। নগদের সঙ্গে এই চুক্তির মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবার এখন আরো দ্রুত ও সহজে রেমিটেন্স সেবা পাবেন।”
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহ বলেন, “উপকারভোগীরা যে কোনো সময় এই অর্থ নগদ ওয়ালেট থেকে ব্যবহার করতে পারবেন। একইভাবে নগদের তিন লক্ষাধিক উদ্যোক্তা পয়েন্ট থেকেও সবচেয়ে কম খরচে ক্যাশআউট করে নিতে পারবেন।”
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ তারেক খান ও খন্দকার তৌফিক হোসেন খান এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ ও রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশার উপস্থিত ছিলেন।
