এনভয় টেক্সটাইলে ৩ কোটি ডলার অর্থায়ন এডিবির
“এই অর্থায়ন আমাদের সম্প্রসারণের পরবর্তী ধাপকে ত্বরান্বিত করবে, যেখানে উদ্ভাবন ও পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করা হবে।”
উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এনভয় টেক্সটাইলস লিমিটেডে ৩ কোটি ডলার অর্থায়ন করছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক-এডিবি।
এ অর্থায়ন প্যাকেজ অনুমোদনের পরিপ্রেক্ষিতে এডিবির একটি প্রতিনিধি দল রোববার ঢাকার পান্থপথে এনভয় টেক্সটাইলস লিমিটেডের কর্পোরেট অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ইনভেস্টমেন্ট অফিসার মো. মেহেদী হাসান এবং ফাইন্যান্স, প্রাইভেট সেক্টর ও পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স গ্রুপের অফিসার ফারজানা রহমান।
এনভয় টেক্সটাইলসের পক্ষে কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি ও এনভয় টেক্সটাইলসের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
“উভয় পক্ষ সম্প্রতি অনুমোদিত অর্থের কৌশলগত ব্যবহার নিয়ে পর্যালোচনা করেন, যার মধ্যে কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক গ্রিন টেকনোলজি গ্রহণ এবং ইএসজি মানদণ্ড বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন দিক ছিল।”
এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, “এটি বাংলাদেশের টেকসই শিল্পোন্নয়নে আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। এই অর্থায়ন আমাদের সম্প্রসারণের পরবর্তী ধাপকে ত্বরান্বিত করবে, যেখানে উদ্ভাবন ও পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করা হবে।”
