গ্রাহকের জন্য বিকাশ অ্যাপে কাস্টমাইজড ‘মাই অফারস’
এই সেবার মাধ্যমে গ্রাহকরা লেনদেনের ধরন ও প্রয়োজন অনুযায়ী ‘কাস্টমাইজড অফার’ পাবেন।
মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ তাদের অ্যাপে চালু করেছে নতুন সুবিধা ‘মাই অফারস’।
এই সেবার মাধ্যমে গ্রাহকরা লেনদেনের ধরন ও প্রয়োজন অনুযায়ী ‘কাস্টমাইজড অফার’ পাবেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ বা বিভিন্ন পেমেন্টের সময় গ্রাহকরা প্রায়ই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট সুবিধা পান। আর কোন কোন সেবায় এ ধরনের অফার রয়েছে, তা ‘মাই অফারস’-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন গ্রাহকরা।
বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের ‘আমার বিকাশ’ সেকশনে থাকা ‘মাই অফারস’ আইকনে ট্যাপ করলে গ্রাহক তার জন্য নির্দিষ্ট অফারের তালিকা দেখতে পাবেন। প্রতিটি অফারের বিস্তারিত বিবরণ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখও সেখানে থাকবে, ফলে অফার ‘মিস’ হওয়ার সম্ভাবনা কমে যাবে।
বিকাশ বলছে, নতুন এই সেবা গ্রাহকদের আরও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ফলে তারা আরও সাশ্রয়ীভাবে লেনদেন করতে পারবেন, যা ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়াতে সহায়ক হবে।
‘মাই অফারস’-এ ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ, বিকাশ টু ব্যাংক, রেমিটেন্স, পেমেন্টসহ বিভিন্ন অফার যুক্ত থাকছে। এছাড়া মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, ইউটিলিটি বিল, শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ, ই-টিকেটিং, ডোনেশন, বিমা ও মাইক্রোফাইন্যান্সের পেমেন্ট, ডিজিটাল লোন ও সেভিংস সেবার ক্ষেত্রেও গ্রাহকের চাহিদা ও অভ্যাস অনুযায়ী অফার যুক্ত হচ্ছে।
