০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আরএফএলের ‘ব্যাগ রপ্তানি শুরু’

“যুক্তরাষ্ট্রের মতো বাজারে প্রবেশ করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের,” বলেন আর এন পাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 05:55 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

এবার যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের ব্যাগ রপ্তানি শুরু করার কথা জানিয়েছে শিল্পগ্রুপ আরএফএল।

সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ায় অবস্থিত আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা থেকে ব্যাগের প্রথম চালান যুক্তরাষ্ট্রের পাঠানো হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।

এর আগে ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো খেলনা রপ্তানির তথ্য দিয়েছিল এই শিল্পগ্রুপ। সেবার নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা থেকে খেলনার প্রথম চালান যায়।

ব্যাগ রপ্তানির তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আরএফএল গ্রুপের ব্যাগ কানাডা, ইতালি, জাপান, মেক্সিকো, জার্মানি, কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ১০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। 

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, “যুক্তরাষ্ট্রের মতো প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। এই অর্জন শুধু আরএফএল গ্রুপের জন্য নয়, বরং বাংলাদেশের শিল্প খাতের জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক। 

“আমরা মনে করি যুক্তরাষ্ট্রে এই ব্যাগ রপ্তানি কার্যক্রমের মাধ্যমে আরএফএল বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে যাচ্ছে। আমরা শুরু থেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে আসছি, যেন বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হয়।” 

এবার যুক্তরাষ্ট্রে নারীদের হ্যান্ডব্যাগ রপ্তানি করা হয়েছে তুলে ধরে তিনি বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরো নতুন বাজারে প্রবেশের পাশাপাশি মানসম্পন্ন পণ্য সরবরাহ অব্যাহত থাকবে। 

বর্তমানে কোম্পানিটি ট্র্যাভেলো ব্র্যান্ডের নামে লেডিস ব্যাগ, ব্যাকপ্যাক, ডাফল ব্যাগ, স্টোরেজ ব্যাগ, সফট লাগেজ এবং হার্ড লাগেজসহ বিভিন্ন ধরনের ব্যাগ উৎপাদন ও বিপণন করছে।