প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংকের সম্মেলন
ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি অংশ নেন।
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে দ্বিতীয়বারের মতো ‘ডিসঅ্যাবিলিটি-ইনক্লুসিভ’ সম্মেলন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)-এর সহযোগিতায় গত মঙ্গলবার রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে ‘এমপাওয়ারঅ্যাবিলিটি ২০২৫: পাওয়ারিং এভরি অ্যাবিলিটি’ শীর্ষক এই সম্মেলন হয়।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক বলেছে, তাদের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি অংশ নেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জিআইজেড-এর সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে ‘সবার জন্য ন্যায্য সুযোগ সৃষ্টিতে’ সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাসহ সকল খাতের সম্পৃক্ততা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে বলেন, “অন্তর্ভুক্তি আসলে ন্যায্যতার বিষয়। আমাদের দায়িত্ব হল, প্রতিবন্ধী অন্তর্ভুক্তির পথে কাঠামোগত ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করা। প্রকৃত অন্তর্ভুক্তি অর্জনের লক্ষ্যে প্রত্যেক নাগরিককে তার পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ দিতে হবে। সম্মিলিত প্রয়াসেই আমরা এমন একটি বাংলাদেশ গড়তে পারব, যেখানে প্রতিটি সক্ষমতাকেই মূল্যায়ন করা হবে।”
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, “অন্তর্ভুক্তি ব্র্যাক ব্যাংকের অন্যতম প্রধান স্তম্ভ। এটি কেবল আর্থিক অন্তর্ভুক্তিতেই সীমাবদ্ধ নয়, বরং এর পরিধি আরও বিস্তৃত। এগুলোর মধ্যে রয়েছে জেন্ডার অন্তর্ভুক্তি, প্রতিবন্ধী অন্তর্ভুক্তি এবং সার্বিক সামাজিক অন্তর্ভুক্তি।
‘‘আমাদের বুঝতে হবে, অন্তর্ভুক্তি কোনো চ্যারিটি নয়, এটি একটি টেকসই অর্থনীতির ভিত্তি। ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে ব্যবসায় ও সমাজকল্যাণের মাঝে সেতুবন্ধন তৈরি করছে। আমরা প্রমাণ করে চলছি, প্রতিটি সক্ষমতাকে ক্ষমতায়ন করা মানেই গোটা জাতিকে ক্ষমতায়ন করা।”
শ্রম সচিব সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, “সরকার সকল খাতে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নীতিগত সহায়তা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের যৌথ প্রচেষ্টা এমন এক সমাজ গঠনে সহায়ক হবে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।”
বিবিডিএন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আরদাশির কবির বলেন, “বেসরকারি খাতকে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নও করতে হবে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিতা যাতে ব্যবসায়িক কৌশলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, সে লক্ষ্যে বিবিডিএন শিল্পখাতের নেতৃবৃন্দদের সঙ্গে একসাথে কাজ করে যাবে।”
অন্যদের মধ্যে আইএলও গ্লোবাল বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্কের ডিসঅ্যাবিলিটি ইনক্লুসন স্পেশালিস্ট ইয়োর্গেন মেনযে ও জিআইজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইয়োর্গেন শিলিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্র্যাক, শিন শিন গ্রুপ, টিম গ্রুপ, এসিআই লজিস্টিকস, ব্র্যান্ড ফোরাম, বাটা, সাজিদা ফাউন্ডেশন, গ্রামীণফোন, আকিজ গ্রুপ, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউএনডিপি ও সেভ দ্য চিলড্রেনসহ প্রায় ৫০টি প্রতিষ্ঠান এ সম্মেলনে অংশ নেয়।
এ সময় বিবিডিএন-এর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে তৈরি পোশাক শিল্পে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সুষম কর্মপরিবেশ, নিয়োগ প্রক্রিয়া ও সচেতনতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সম্মেলনের তিনটি প্যানেল আলোচনায় প্রতিবন্ধী অন্তর্ভুক্তিতার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, কর্পোরেট সংস্কৃতিতে প্রবেশগম্যতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সরকারি নীতিমালার সঙ্গে বেসরকারি উদ্যোগের সংযোগ নিয়ে আলোচনা হয়।
