২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪১৩ শিক্ষার্থীকে সম্মাননা দিল ব্র্যাক কুমন

বর্তমানে দেশে প্রায় ১০ হাজার শিক্ষার্থী কুমন মেথডের মাধ্যমে জ্ঞানার্জন করছে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 08:22 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

কুমন মেথডের মাধ্যমে ‘অসাধারণ নিষ্ঠা ও অগ্রগতি অর্জন করা’ ঢাকা ও চট্টগ্রামের ৩ হাজার ৪১৩ জন শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে ব্র্যাক কুমন। 

এসব শিক্ষার্থী নিয়মিত চর্চা ও স্বশিক্ষণ পদ্ধতির মাধ্যমে তাদের স্কুলের নির্ধারিত শ্রেণির চেয়ে পড়াশোনা ও সাফল্যে একাধিক বছর এগিয়ে থাকছে বলে ভাষ্য তাদের। 

শুক্রবার ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে ‘ব্র্যাক কুমন এএসএইচআর (অ্যাডভান্সড স্টুডেন্ট অনার রোল) ২০২৬’ অনুষ্ঠিত হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশে প্রায় ১০ হাজার শিক্ষার্থী কুমন মেথডের মাধ্যমে জ্ঞানার্জন করছে। 

“এএসএইচআর এমন শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়, যারা নিয়মিত ও কাঠামোবদ্ধ চর্চার মাধ্যমে তাদের স্কুলের শ্রেণির তুলনায় এক থেকে পাঁচ বছর বা তারও বেশি এগিয়ে পড়াশোনা করতে সক্ষম হয়।”

এবার দুটি সেশনে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক, কুমন ইনস্ট্রাক্টর এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা অতিথিরা।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “দেশে প্রাথমিক পর্যায়ে প্রায় ২ কোটি শিক্ষার্থী রয়েছে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

“কুমন কীভাবে শিক্ষার্থীদের শেখার অগ্রগতিতে ভূমিকা রাখছে, তা বুঝতে পারলে এই ধরনের পদ্ধতির ইতিবাচক দিকগুলো বৃহত্তর পরিসরে প্রয়োগের সুযোগ তৈরি হতে পারে।” 

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার ও বেসরকারি অংশীদারদের একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, “এই স্বীকৃতি শুধু অ্যাকাডেমিক অর্জনের উদযাপন নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আত্ম-উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

রাষ্ট্রদূত নিজেও একসময় কুমনের শিক্ষার্থী ছিলেন এবং ‘লেভেল আই’ পর্যন্ত সম্পন্ন করেছিলেন বলে জানান।

ব্র্যাকের নির্বাহী পরিচালক এবং ব্র্যাক কুমনের চেয়ারপারসন আসিফ সালেহ্ বলেন, “শিক্ষার্থীদের মধ্যে নিজে নিজে শেখার সক্ষমতা তৈরি করে দেয় কুমন। এই সক্ষমতা অর্জন করলে শিক্ষার্থীরা যেকোনো পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে সক্ষম হয়।” 

এই শেখার পদ্ধতি কীভাবে দেশের আরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো যায়, সে বিষয়ে ব্র্যাক সরকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।

ব্র্যাক কুমনের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান তার উপস্থাপনায় কুমন মেথড কীভাবে শিক্ষার্থীদের শেখা ও বিকাশে সহায়তা করে তা তুলে ধরেন। 

২০১৭ সালে ধানমন্ডিতে একটি সেন্টার দিয়ে যাত্রা শুরু করে ব্র্যাক কুমন। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে ৩৫টি সেন্টারে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এই পদ্ধতির মাধ্যমে শিখছে।