‘মেন্টাল অ্যারিথমেটিক’ প্রতিযোগিতায় অংশ নিলেন ৩৪০০ শিক্ষার্থী
২০০৮ সাল থেকে এ প্রতিযোগিতা আয়োজন করে আসছে আলোহা বাংলাদেশ।
আলোহা বাংলাদেশের আয়োজনে হয়ে গেল ১৮তম ‘অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা’।
গেল শুক্র ও শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) দুদিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় পর্যায়ের দুদিনব্যাপী এ প্রতিযোগিতায় সারাদেশের ছয়শটির বেশি স্কুল থেকে ৩ হাজার ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যারা আলোহা বাংলাদেশের বিভিন্ন শাখায় এ কোর্সটিতে যুক্ত আছেন। ২০০৮ সাল থেকে বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুরা কত দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছাতে পারে, সেটি পরীক্ষার উদ্দেশ্যেই প্রতিযোগিতাটি হয়। অংশগ্রহণকারীদের পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয়। বেশিরভাগ শিক্ষার্থীই উল্লেখিত সময়ের মধ্যে নির্ভুলভাবে গাণিতিক সমাধান করে।
শুক্রবার অনুষ্ঠান উদ্বোধন করেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের প্রতিষ্ঠাতা লোহ মুন সাঙ। এরপর শুভেচ্ছাপর্ব শেষে শুরু হয় শিক্ষার্থীদের পরীক্ষা। দিনব্যাপী মোট ৫টি ব্যাচে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।
শনিবার বিকালে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে লোহ মুন সাঙ ছাড়াও আলোহা ইন্টারন্যাশনালের পরিচালক কিরণ মাতওয়ানি, বাংলাদশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলেোহাব সাইদানি, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, আলোহা কম্বোডিয়ার আনফেকডে ওউচ ও কিমহাই হিউন, আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী, চেয়ারম্যান সাইফুল করিম ও পরিচালক ডিরেক্টর মো. শামসুদ্দিন টিপু উপস্থিত ছিলেন।
