Published : 01 Sep 2025, 12:27 AM
পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তির অংশ হিসেবে সৌরবিদ্যুচ্চালিত ডেটা সেন্টার চালু করল মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক।
গাজীপুরের এ ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াট ‘সোলার পাওয়ার সিস্টেম’ চালু করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এতে বলা হয়, এ উদ্যোগ বাংলালিংকের ইএসজি যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা টেলিযোগাযোগ খাতে কার্বন নিঃসরণ কমানো ও টেকসই অবকাঠামো গঠনে বাংলালিংকের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
টেকসই ও পরিবেশবান্ধব সেবাদানের লক্ষ্যপূরণে বাংলালিংক ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি পরিবেশের প্রতি নিজেদের দায়বদ্ধতাকে সমানভাবে অগ্রাধিকার দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কের বলেন, “এ উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলালিংক টেকসই উদ্ভাবনের যাত্রায় বাংলাদেশে নতুন মানদণ্ড তৈরি করেছে, যা পরিবেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
"আমাদের এ সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর প্রায় শূন্য দশমিক ১৩ জিডব্লিউএইউচ (গিগাওয়াট ঘণ্টা) সবুজজ্বালানি উৎপন্ন হবে।"
এর ফলে প্রতিবছর ৬০ টন কার্বন নিঃসরণ কম হবে এবং জ্বালানির ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রতিবছর প্রায় ১২ হাজার ৬০০ ডলার ব্যয় সাশ্রয় হবে বলেও তিনি তুলে ধরেন।
বলেন, "ছাদের অব্যবহৃত ৯ হাজার বর্গফুট জায়গায় এ সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। এক্ষেত্রে আমরা প্রত্যাশা করছি, দ্রুতই প্রকল্পে বিনিয়োগের পুরো খরচ উঠে আসবে। বাংলালিংক ভবিষ্যতে অব্যবহৃত আরও স্থান কাজে লাগিয়ে সবুজ জ্বালানি উৎপাদন বৃদ্ধিতে অগ্রাধিকার দিয়ে কাজ করবে।
"আমরা মনে করি, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা ও কার্বন ফুটপ্রিন্ট কমাতে সবার এগিয়ে আসা উচিত।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বাংলালিংক কার্বন নিঃসরণে ও সামগ্রিকভাবে পরিবেশের ওপর নিজেদের কার্যক্রমের প্রভাব কমানোরপাশাপাশি প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ উপযোগী করে তোলা ও সক্ষমতা বৃদ্ধির যাত্রায় একধাপ এগিয়ে গেছে।
“পরিবেশবান্ধব অপারেটর হওয়ার যাত্রায় প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানি মডেল ব্যবহারের উদ্বুদ্ধ করছে বাংলালিংক, যা এ খাতে সবুজ প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।”