প্রথম মৃত্যুবার্ষিকীতে সৈয়দ মঞ্জুর এলাহীকে স্মরণ
এপেক্স ফুটও্যয়ার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের চামড়া শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
দেশের সফল উদ্যোক্তাদের একজন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীকে প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যারের এই প্রতিষ্ঠাতার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল বৃহস্পতিবার। ২০২৫ সালের এ দিনে তিনি ৮৩ বছর বয়সে মারা যান।
এপেক্স ফুটওয়্যার বিজ্ঞপ্তিতে বলেছে, এ কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের চামড়া শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার পাশাপাশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মতো প্রতিষ্ঠান তৈরিতেও রয়েছে তার অবদান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিভক্ত বাংলার প্রধান বিচারপতি স্যার সৈয়দ নাসিম আলীর সন্তান সৈয়দ মঞ্জুর এলাহীর পদচারণা শুধু ব্যবসাতেই সীমাবদ্ধ ছিল না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সানবিমস স্কুল, মানুষের জন্য ফাউন্ডেশন এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মতো অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উন্নয়নে তিনি নিরলস কাজ করে গেছেন।
“তার দূরদর্শী নেতৃত্ব, সততা ও অসামান্য অবদান বাংলাদেশের তরুণ উদ্যোক্তা এবং ব্যবসায়ী সমাজের কাছে চিরকাল এক অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। প্রথম মৃত্যুবার্ষিকীতে জাতি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।”
